২০২৭ সালে পাকিস্তানের মাটিতে বসতে চলেছে সাফ গেমসের আসর। ইসলামাবাদ, লাহোর এবং পেশোয়ার—এই তিন শহরে হবে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, পাকিস্তানে গিয়ে আদৌ এই প্রতিযোগিতায় অংশ নেবেন কি ভারতীয় অ্যাথলিটরা? আপাতত সেই উত্তর মেলেনি। মঙ্গলবার অবশ্য এই জল্পনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারতের বিদেশ মন্ত্রক।
বিদেশ মন্ত্রকের বক্তব্য, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের সাম্প্রতিক নীতির ভিত্তিতেই ভারতীয় দলের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলির নিয়ম ও নির্দেশিকা এবং ভারতীয় ক্রীড়াবিদদের স্বার্থকেও গুরুত্ব দেওয়া হবে।
আগামী বছর ৩ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা সাফ গেমসের। ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে প্রতিযোগিতার আয়োজন হবে। ইতিমধ্যেই সাউথ এশিয়া অলিম্পিক কাউন্সিল প্রতিযোগিতার দিনক্ষণ এবং ভেন্যু চূড়ান্ত করেছে।
এর পর থেকেই ভারতের অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আন্তর্জাতিক বা বহুপাক্ষিক কোনও ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ নির্ধারিত হয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের সাম্প্রতিক নীতির ভিত্তিতে। সেই নীতির পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার নির্দেশিকা এবং দেশের ক্রীড়াবিদদের স্বার্থকেও বিবেচনায় রাখা হয়।
ক্রীড়া মন্ত্রকের বর্তমান নীতি অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ বা প্রতিযোগিতা আয়োজন কিংবা অংশগ্রহণ হবে না। অর্থাৎ পাকিস্তানে গিয়ে দ্বিপাক্ষিক ম্যাচ খেলবে না ভারতীয় দল। একইভাবে ভারতেও পাকিস্তানের কোনও দল দ্বিপাক্ষিক প্রতিযোগিতায় অংশ নেবে না।
তবে বহুপাক্ষিক প্রতিযোগিতার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর নয়। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত ‘আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের প্রতি ভারতীয় নীতি’ সংক্রান্ত নথিতেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ও বহুপাক্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলির নিয়ম এবং ভারতীয় খেলোয়াড়দের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ভারতকে একটি নির্ভরযোগ্য আয়োজক দেশ হিসেবে প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনায় রাখা হবে।
অর্থাৎ, এমন কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেখানে পাকিস্তানের দল বা খেলোয়াড় অংশ নিচ্ছেন, সেখানে ভারতীয় দল বা ব্যক্তিগত ক্রীড়াবিদদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। একইভাবে ভারতের মাটিতে আয়োজিত বহুপাক্ষিক প্রতিযোগিতাতেও পাকিস্তানের খেলোয়াড় ও দল অংশ নিতে পারবেন।
গত বছর পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু ঘিরে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। তার পর সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত এশিয়া কাপে ভারত-পাকিস্তানের একসঙ্গে অংশগ্রহণ নিয়েও বিতর্ক তৈরি হয়। সেই পরিস্থিতির পরেই ক্রীড়া মন্ত্রকের তরফে এই নীতি সামনে আনা হয়। দ্বিপাক্ষিক ক্রীড়া সম্পর্ক বন্ধ রাখলেও বহুপাক্ষিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পথ খোলা রাখা হয়েছে।
এর পিছনে ভারতের দীর্ঘমেয়াদি ক্রীড়া কূটনীতির বিষয়টিও গুরুত্বপূর্ণ। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস এবং ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্য রয়েছে ভারতের। সেই কারণে আন্তর্জাতিক অ্যাথলিট, টেকনিক্যাল স্টাফ এবং ক্রীড়া প্রশাসকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে এবার পরীক্ষাটা বেশ কঠিন। কারণ ২০২৭ সালের সাফ গেমসের আয়োজক দেশই পাকিস্তান। ফলে ভারতের নতুন ক্রীড়া নীতির বাস্তব প্রয়োগের ক্ষেত্রে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে। এখনও পর্যন্ত ভারতীয় অ্যাথলিটদের পাকিস্তানে পাঠানোর বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে চূড়ান্ত কোনও সবুজ সংকেত বা না-ও জানানো হয়নি। শেষ পর্যন্ত ক্রীড়া মন্ত্রকের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকতে হবে ভারতীয় ক্রীড়ামহলকে।







