ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা স্বীকার করেছেন যে, ঘরোয়া ক্রিকেট খেলার সুবাদেই ওয়ানডে ফরম্যাটে দ্রুত ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। ২০২৩ বিশ্বকাপের পর এই প্রথম ওয়ানডে খেলতে নেমে দুর্দান্ত ছন্দে রয়েছেন জাদেজা। ইংল্যান্ডের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে প্রথম দুই ম্যাচে মাত্র ১৯ ওভারে ৬ উইকেট শিকার করেছেন তিনি, সেই সঙ্গে খরচ করেছেন খুবই কম রান— মাত্র দুটি চার হজম করেছেন পুরো সিরিজে।
জাদেজা বলেন, “প্রায় দুই বছর পর ওয়ানডে খেলছি। তাই দ্রুত ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি ছিল। আমি মনে করি, ঘরোয়া ক্রিকেটে (রঞ্জি ট্রফি) খেলা আমাকে অনেক সাহায্য করেছে। দিল্লির বিপক্ষে ৩০ ওভার বল করেছিলাম, যার ফলে আমার বোলিংয়ের ছন্দ নষ্ট হয়নি।”
বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন জাদেজা। এই সময়ে রঞ্জি ট্রফির দুটি ম্যাচ খেললেও একটিতে ৩০ ওভার বল করেন তিনি, যেখানে ১২ উইকেট তুলে নেন। সেই অভিজ্ঞতাই এবার ইংল্যান্ডের বিপক্ষে কাজে লেগেছে।
ভারতীয় বোর্ড সম্প্রতি খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট খেলার ওপর জোর দিয়েছে। কোহলি ১২ বছর পর দিল্লির হয়ে, রোহিত ১০ বছর পর মুম্বাইয়ের হয়ে খেলেছেন। যদিও কিছু সমালোচনাও হয়েছে, তবে জাদেজার পারফরম্যান্সই প্রমাণ করেছে, মাঠে থাকার সবচেয়ে ভালো উপায় খেলতেই থাকা!







