পাঞ্জাবের আদালতের এক ঐতিহাসিক পর্যবেক্ষণ নতুন করে নাড়া দিল দেশের বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীদের ডিএ আন্দোলনকে। পাঞ্জাব ও হরিয়ানার উচ্চ আদালতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে মহার্ঘ ভাতা কোনও দয়া বা অনুগ্রহ নয়, এটি কর্মীদের প্রাপ্য অধিকার, যার সাংবিধানিক ভিত্তি রয়েছে।
পাঞ্জাবের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় আদালত রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে ফেলতে হবে। নির্ধারিত সময়সীমা লঙ্ঘন হলে শুধু অর্থ পরিশোধই নয়, বিলম্বের জন্য সুদও দিতে হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে পেনশন ব্যবস্থায় বয়সভিত্তিক বৈষম্যকে অসাংবিধানিক ঘোষণা করে তা বাতিল করেছে আদালত, যা প্রশাসনিক নীতিতে বড়সড় বার্তা বহন করছে। এই রায়ের প্রভাব ইতিমধ্যেই ছড়িয়ে পরেছে অন্যান্য রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। দীর্ঘদিন ধরে ডিএ বকেয়া ও কেন্দ্রীয় হারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া সরকারি কর্মীদের কাছে এই পর্যবেক্ষণ কার্যত নতুন শক্তি জোগাচ্ছে। ‘আর্থিক সংকট দেখিয়ে প্রাপ্য বঞ্চনা বৈধ নয়’।
আদালতের এই অবস্থান রাজ্যের চলমান আইনি লড়াইয়েও গুরুত্বপূর্ণ নজির হিসেবে উঠে আসতে পারে।বিশেষজ্ঞদের মতে, এই রায় ভবিষ্যতে ডিএ সংক্রান্ত মামলাগুলিতে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে প্রশাসনিক টালবাহানা কাটিয়ে কর্মীদের ন্যায্য পাওনা মেটাতে চাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে আদালত আগামী ২রা জুলাইয়ের মধ্যে পাঞ্জাবের মুখ্য সচিবকে রায় বাস্তবায়নের অগ্রগতি জানাতে নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে, এই রায় শুধু একটি রাজ্যের সীমায় আবদ্ধ থাকছে না, বরং সারা দেশের সরকারি কর্মীদের অধিকার আন্দোলনে নতুন গতি এনে দিল।







