খেলাধুলা

সুনীলকে বাদ দিয়ে তরুণদের ভরসায় খালিদ, সামনে কাফা দিয়ে এশিয়ান কাপ প্রস্তুতি

ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রীকে ছাড়াই জাতীয় দলের দায়িত্ব নিতে শুরু করলেন নতুন কোচ খালিদ জামিল। দায়িত্ব নেওয়ার পরই তিনি বিতর্কের কেন্দ্রে। কারণ, জাতীয় শিবিরে ঘোষিত ৩৫ জনের তালিকায় নেই প্রাক্তন অধিনায়ক সুনীলের নাম। তবে সমালোচনার জবাব দিতে দেরি করলেন না খালিদ। তাঁর স্পষ্ট বক্তব্য—এ মুহূর্তে তরুণদের সুযোগ দেওয়ার লক্ষ্য নিয়েই তিনি দল গড়ছেন। কিংবদন্তি সুনীলের জন্য দরজা খোলা থাকলেও, প্রস্তুতির এই ধাপে তাঁকে বাইরে রেখেছেন তিনি।

খালিদ জানিয়েছেন, কাফা নেশন্স কাপকে তিনি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছেন। তাই নতুন মুখ, তরুণ শক্তি এবং ম্যাচ ফিটনেসের উপরেই জোর দিতে চান তিনি। তাঁর কথায়, “সুনীল ভারতীয় ফুটবলের আইকন। আমি নিজেও ওকে পছন্দ করি। কিন্তু এ মুহূর্তে নতুনদের দেখা দরকার। সুনীলের সঙ্গে আমার কথা হয়েছে। ও নিজেও জানে, জাতীয় দলে তার জন্য দরজা সবসময় খোলা।”

মাসের শেষে শুরু হবে কাফা নেশন্স কাপ, যেখানে ভারতের প্রতিপক্ষ তাজিকিস্তান, ইরান ও আফগানিস্তানের মতো শক্তিশালী দল। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগে খালিদের লক্ষ্য, দলের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা এবং নতুনদের ম্যাচ অনুশীলনে অভ্যস্ত করে তোলা। তাঁর বিশ্বাস, এই অভিজ্ঞতা এশিয়ান কাপের যোগ্যতা অর্জন অভিযানে কাজে দেবে।

বর্তমানে ‘সি’ গ্রুপে ভারতের অবস্থা শোচনীয়। বাংলাদেশ সঙ্গে ড্র, হংকংয়ের কাছে হার—সব মিলিয়ে নিচের দিকে নেমে গিয়েছে তারা। পরের ধাপে সিঙ্গাপুরের বিরুদ্ধে টানা দুটি ম্যাচই নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ। খালিদ জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র ফিট খেলোয়াড়দেরই দলে নেওয়া হবে এবং প্রত্যেককে দিতে হবে ১০০ শতাংশ। জাতীয় দলের নতুন অধ্যায়ে তাই স্পষ্ট, খালিদের অগ্রাধিকার এখন ফিটনেস ও ভবিষ্যৎ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.