দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ফুটবল যাত্রায় এবার ইতি টানতে চলেছেন লিওনেল মেসি। আগামী ৭ অক্টোবর আর্জেন্তিনার আইকনিক নীল-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন ফুটবলের মহাতারকা। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালেই বেনিনের বিরুদ্ধে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন তিনি।
গত ২০ বছর ধরে ফুটবলকে নতুন করে দেখার, বোঝার এবং ভালোবাসার এক অনন্য অভিজ্ঞতা উপহার দিয়েছেন মেসি। তাঁর অসাধারণ কেরিয়ারের শেষ অধ্যায় দেখার অপেক্ষায় এখন গোটা ফুটবলবিশ্ব।
মেসির এই ঐতিহাসিক বিদায়ী ম্যাচের সাক্ষী হতে পারবেন ভারতের ফুটবলপ্রেমীরাও। ম্যাচটি ভারতে সরাসরি সম্প্রচার করবে জিফাইভ। আগামী ৭ অক্টোবর মঙ্গলবার ভোরে শুরু হবে আর্জেন্তিনা ও বেনিনের এই বিশেষ ম্যাচ।
বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে আবেগ যে তুঙ্গে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। স্টেডিয়ামের গ্যালারিতে যেমন উপচে পড়বে সমর্থকদের আবেগ, তেমনই ভারতীয় দর্শকরাও স্মার্টফোন ও স্মার্ট টিভির পর্দায় সরাসরি দেখতে পারবেন মেসির আন্তর্জাতিক কেরিয়ারের শেষ মুহূর্ত।
ম্যাচটির সম্প্রচার প্রসঙ্গে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেডের (ইউনাইট৮ স্পোর্টস) চিফ বিজনেস অফিসার ভাবেশ জানভলেকর বলেন, ফুটবল প্রজন্মের পর প্রজন্মকে একসূত্রে বাঁধার ক্ষমতা রাখে। আর মেসির বিদায়ী ম্যাচ শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ নয়, বরং দীর্ঘ এক আন্তর্জাতিক কেরিয়ারের সমাপ্তির সাক্ষী হওয়ার বিরল সুযোগ। তাঁর মতে, যাঁরা এত বছর ধরে মেসির ফুটবল দেখেছেন, তাঁদের কাছে আর্জেন্তিনার জার্সিতে তাঁর শেষ উপস্থিতি নিঃসন্দেহে বিশেষ মুহূর্ত।
তিনি আরও জানান, জিফাইভের মাধ্যমে দেশের দর্শকদের সামনে এই ঐতিহাসিক ক্রীড়া মুহূর্ত তুলে ধরতে পেরে তাঁরা আনন্দিত। বিশ্বমানের ক্রীড়া ইভেন্টকে ভারতীয় দর্শকদের আরও কাছে পৌঁছে দেওয়া এবং একটি শক্তিশালী স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরি করাই তাঁদের অন্যতম লক্ষ্য।
মেসির বিদায়ী ম্যাচ জিফাইভের স্পোর্টস সম্প্রচারের তালিকাতেও নতুন সংযোজন। ইতিমধ্যেই ফিফা টুর্নামেন্ট, বুন্দেসলিগা, ইতালিয়ান সেরি আ, সুপারকোপা ইতালিয়ানা এবং কোপা ইতালিয়ার মতো একাধিক আন্তর্জাতিক ও ইউরোপীয় প্রতিযোগিতা এই প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হচ্ছে।
ফলে মেসির আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচের সম্প্রচার ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে বিশেষ আকর্ষণ হতে চলেছে। ফুটবলের অন্যতম কিংবদন্তির বিদায়ী মুহূর্তকে ঘরে বসে সরাসরি দেখার সুযোগ করে দিয়ে জিফাইভের স্পোর্টস সম্প্রচারেও যোগ হচ্ছে নতুন মাত্রা।







