খেলাধুলা

আইএসএল জট কি সত্যিই কাটল? সূচি ঘোষণার প্রতিশ্রুতি দিলেও ধন্দ কাটছে না ফুটবল মহলে

আইএসএল আয়োজন নিয়ে ফেডারেশন আর ক্লাবগুলোর মধ্যে চলা টানাপোড়েন যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) ঘটা করে ঘোষণা করেছে যে, তারা নিজেরাই লিগ আয়োজন করবে এবং আগামী সপ্তাহের মধ্যেই সূচি জানিয়ে দেওয়া হবে। কিন্তু ময়দানি অন্দরের খবর বলছে, খাতা-কলমে ঘোষণা হলেও বাস্তব পরিস্থিতি এখনও বেশ ঘোলাটে। কারণ, ফেডারেশনের তৈরি করা তিন সদস্যের কমিটি রিপোর্ট জমা দিলেও, সেই প্রস্তাব নিয়ে ক্লাবগুলোর সঙ্গে কোনো আলাপ-আলোচনাই এখনও শুরু হয়নি।

পুরো ঝামেলার মূলে রয়েছে টাকা-পয়সার হিসেব। ফেডারেশন চেয়েছিল লিগ চালানোর খরচের বোঝা ক্লাবগুলোও ভাগ করে নিক। কিন্তু ক্লাবগুলোর সাফ কথা, বাড়তি ৬-৭ কোটি টাকা তারা খরচ করতে পারবে না। তাদের যুক্তি, আগে এফএসডিএল (FSDL) যেমন শুধু ম্যাচ আয়োজনের দায়িত্ব ক্লাবকে দিয়ে বাকি সব খরচ সামলাত, এবারও ফেডারেশনকে সেই পথই ধরতে হবে। অর্থাৎ সম্প্রচার থেকে শুরু করে লিগ পরিচালনার যাবতীয় খরচ দিতে হবে ফেডারেশনকেই।

এই জট কাটাতে বাংলা, গোয়া ও কেরলের তিন ফুটবল কর্তাকে নিয়ে একটি কমিটি গড়েছিল ফেডারেশন। শনিবারের বৈঠকে সেই কমিটির রিপোর্ট জমা পড়েছে। সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে যে, সম্প্রচারের জন্য ৫ কোটি টাকা ফেডারেশন দেবে, আর বাকিটা ক্লাবগুলোকে দিতে হবে। এছাড়া লিগ ফি-র এক কোটি টাকা মেটানোর জন্য ক্লাবগুলোকে আগামী জুন মাস পর্যন্ত সময় দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সমস্যা হলো সময় নিয়ে। এএফসি-কে (AFC) ৪ জানুয়ারির মধ্যে লিগের ফরম্যাট ও চূড়ান্ত পরিকল্পনা জানানোর কথা ছিল। কিন্তু ক্লাবগুলোর সাথে এখনও কোনো কথাই না হওয়ায় সেই সময়সীমা মানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এদিকে গোয়া ফুটবল সংস্থার সভাপতি কাইতানো ফার্নান্ডেজ এক অভিনব প্রস্তাব দিয়েছেন। তাঁর মতে, নতুন করে টেন্ডার ডেকে বাণিজ্যিক পার্টনার খোঁজা হোক এবং সময় বাঁচাতে ১৪টি দলকে নিয়ে একটি নির্দিষ্ট ভেন্যুতে ‘সিঙ্গল লেগ’ পদ্ধতিতে লিগ করা হোক। অর্থাৎ প্রতিটি দল ১৩টি করে ম্যাচ খেলবে। এতে খরচ ও সময় দুটোই কমবে। তবে এই সব কিছুই এখন পর্যন্ত স্রেফ ‘প্রস্তাব’ হিসেবেই ফাইলবন্দি হয়ে আছে। ফেডারেশন সূচি ঘোষণার কথা বললেও, ক্লাবগুলো এই নতুন শর্তে রাজি হবে কি নাতা নিয়ে বড়সড় সংশয় থেকেই যাচ্ছে। সব মিলিয়ে ফুটবলের ডার্বি শুরু হওয়ার আগেই মাঠের বাইরে ফেডারেশন আর ক্লাবগুলোর এই দড়ি-টানাটানিই এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.