ম্যাঞ্চেস্টার টেস্টের ক্লান্তি যেন ওভালেও পড়তে চলেছে ইংল্যান্ডের উপর। মাত্র এক দিনের ব্যবধানে ঘোষণা করে দেওয়া হল পঞ্চম ও শেষ টেস্টের দল। পরিবর্তন না হলেও যোগ হয়েছে নতুন অলরাউন্ডার—জেমি ওভারটন। বেন স্টোকসের নেতৃত্বাধীন দল এবার স্পষ্ট বার্তা দিয়েছে, ভারতীয় ব্যাটিং সামলাতে হলে বোলিং আক্রমণেই ভরসা।
ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডকে ২৫৭ ওভার বল করতে হয়েছে। পেসারদের উপর অতিরিক্ত চাপ চোখে পড়েছে, বিশেষত অধিনায়ক স্টোকসকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি পুরো ফিট নন। এই অবস্থায় ওভারটনের দলে অন্তর্ভুক্তি কৌশলগত ভাবেই গুরুত্বপূর্ণ। তাঁকে খেলিয়ে বিশ্রাম দেওয়া হতে পারে ক্রিস ওকস বা জফ্রা আর্চারের মতো কাউকে।
মার্ক উড এবং ওলি স্টোনের চোট এখনও পুরোপুরি সেরে না ওঠায় ওভালে ফেরার সুযোগ হল না তাঁদের। তবু বোলিং আক্রমণে ভারসাম্য রাখতেই আর্চার, কার্স, অ্যাটকিনসন এবং টংদের ঘিরেই ভাবনা ইংল্যান্ডের। বিশেষজ্ঞ স্পিনারের অভাবে লিয়াম ডসনের খেলা প্রায় নিশ্চিত, যদিও তাঁর আগের পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল নয়।
ব্যাটিং বিভাগে কিন্তু কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। রুট, ব্রুক, ক্রলি, পোপদের নিয়ে গড়া প্রথম সাত ব্যাটার স্থির। দলের ভারসাম্য ঠিক রাখতে বেথেলকেও খেলাতে পারে ইংল্যান্ড। শেষ ম্যাচে সিরিজ় রক্ষার চ্যালেঞ্জ নিয়ে নামার আগে ইংল্যান্ড স্পষ্ট বুঝিয়ে দিল—আক্রমণই সেরা প্রতিরক্ষা।






