আইপিএলকে ঘিরে নতুন বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মন্তব্যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, চেন্নাই সুপার কিংস নিয়ম ভেঙে ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিয়েছে। ফলে চারদিক থেকে প্রশ্ন ওঠে ধোনিদের ক্লাবের বিরুদ্ধে। তবে এবার নিজের ইউটিউব চ্যানেলে পরিষ্কার ব্যাখ্যা দিলেন অশ্বিন। তাঁর দাবি, কোনওভাবেই তিনি চেন্নাইকে দোষী প্রমাণ করতে চাননি। বরং তাঁর বক্তব্যকে অন্যভাবে ব্যাখ্যা করে বিতর্ক ছড়ানো হয়েছে।
অশ্বিন স্পষ্ট বলেছেন, “আমি ব্রেভিসের প্রতিভা নিয়ে আলোচনা করছিলাম। ওকে কত টাকায় নেওয়া হয়েছে সেটা আসলে মূল বিষয় ছিল না। আইপিএলে প্রতিটি ক্রিকেটারের চুক্তি নিয়ে গভর্নিং কাউন্সিল জানে। সেখানে যদি নিয়ম ভঙ্গ হত, তা প্রকাশ্যে আসতই। আমাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।” তাঁর মতে, ব্রেভিসকে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই। পরিবর্ত ক্রিকেটার সই করানো আইপিএলে নতুন কিছু নয়।
ভারতীয় স্পিনারের কথায়, ব্রেভিস ভবিষ্যতে চেন্নাইয়ের অন্যতম সেরা সম্পদ হয়ে উঠতে পারে। কারণ, দক্ষিণ আফ্রিকার এই তরুণ ব্যাটার দুর্দান্ত প্রতিভার অধিকারী। অশ্বিন আরও জানান, গতবার আরও কয়েকটি দল ব্রেভিসকে নিতে আগ্রহ দেখালেও ন্যূনতম মূল্যের বেশি দিতে প্রস্তুত ছিল না। চেন্নাই সেখানেই এগিয়ে গিয়ে সুযোগ কাজে লাগিয়েছে।
চেন্নাই সুপার কিংসও আগেই স্পষ্ট করে দিয়েছে, ব্রেভিসকে দলে নেওয়ার ক্ষেত্রে কোনও নিয়ম ভঙ্গ হয়নি। আইপিএলের সমস্ত শর্ত মেনেই চুক্তি সম্পন্ন হয়েছে। ফলে অশ্বিনের নতুন মন্তব্য কার্যত বিতর্ক থামানোর চেষ্টা। তবে এই ঘটনাই আবার প্রমাণ করল, আইপিএলে ফ্র্যাঞ্চাইজিদের প্রতিটি পদক্ষেপ কতটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।







