‘‘আপনার অ্যাকাউন্ট থেকে জঙ্গিদের কাছে আড়াই কোটি টাকা গিয়েছে!’’—ফোনের ওপার থেকে ভেসে আসা এমন ভয়ংকর অভিযোগে রাতভর নিজের ঘরেই ‘ডিজিটাল অ্যারেস্ট’ হয়ে রইলেন উত্তরপ্রদেশের বেরেলির এক চিকিৎসক। তবে শেষরক্ষা হলো চিকিৎসকের উপস্থিত বুদ্ধি ও পুলিশের তৎপরতায়।
শুক্রবার রাত ৮টা নাগাদ হোয়াটসঅ্যাপে একটি অচেনা ফোন পান আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ খুরশিদ মুরাদ সিদ্দিকী। নিজেকে লখনউ এটিএস (ATS)-এর আধিকারিক পরিচয় দিয়ে এক প্রতারক দাবি করে, পশ্চিমবঙ্গের হুগলিতে তাঁর আধার কার্ড ব্যবহার করে খোলা অ্যাকাউন্ট থেকে জঙ্গিদের টাকা পাঠানো হয়েছে। এমনকি তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে বলে হুমকি দেওয়া হয়।
গ্রেপ্তারের আতঙ্কে চিকিৎসক ঘরের দরজা বন্ধ করে দেন। প্রতারকদের নির্দেশে সারারাত ফোন চালু রেখে পরিবারের সদস্যদেরও কাছে ঘেঁষতে দেননি তিনি।
কিন্তু বিপত্তি বাধে শনিবার সকালে। ব্যাংক খোলার পর প্রতারকরা যখন তাঁকে বড় অঙ্কের টাকা পাঠানোর জন্য আরটিজিএস (RTGS) ফর্ম পূরণ করতে বলে, তখনই খটকা লাগে তাঁর। দেরি না করে তিনি ক্লিনিকের ম্যানেজারকে বিষয়টি জানান এবং পুলিশের দ্বারস্থ হন। পুলিশের হস্তক্ষেপে মুহূর্তেই ফাঁস হয়ে যায় প্রতারকদের জাল, আর বড়সড় আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচেন ওই চিকিৎসক।







