ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি। আর তাতেই মাথায় হাত রাজ্যের কৃষকদের। কোথাও পাকা আমন ধান জলের তলায়, কোথাও আবার নষ্ট হওয়ার মুখে সর্ষে, আলু ও শাকসবজির চাষ। একের পর এক দুর্যোগে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। পরিস্থিতি সামাল দিতে এ বার কৃষকদের আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত জমির দ্রুত জল নিষ্কাশন এবং ক্ষুদ্র চাষিদেরও ক্ষতিপূরণের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট প্রায় ১ লক্ষ ৬০ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া-সহ একাধিক জেলায় বৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।
সবচেয়ে বেশি চিন্তা কাটার মুখে থাকা আমন ধান নিয়ে। জমিতে দীর্ঘক্ষণ জল জমে থাকলে ধান পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সর্ষে, মুসুর, আলু ও বিভিন্ন ধরনের সবজি চাষেও ক্ষতির খবর মিলেছে। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁশকুড়া ও ডেবরা এলাকায় ফুলচাষিরাও ক্ষতির মুখে পড়েছেন।
**৪৮ ঘণ্টার মধ্যে জল নামানোর নির্দেশ**
পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আমন ধান কাটার সময়েই এই দুর্যোগ এসেছে। জমিতে তিন দিন জল জমে থাকলে ধান পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কৃষিজমি থেকে জল বের করার ব্যবস্থা করতে হবে।
এই কাজে প্রতিটি ব্লক উন্নয়ন আধিকারিককে (বিডিও) প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ভিবি-জি রামজি প্রকল্পের কর্মীদেরও জল নিষ্কাশনের কাজে লাগানোর কথা বলা হয়েছে।
**ক্ষতিগ্রস্ত কৃষকদের কত টাকা দেওয়া হবে?**
কৃষকদের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে। বৃষ্টিনির্ভর এলাকায় ক্ষতিগ্রস্ত চাষিদের হেক্টর প্রতি ৮ হাজার ৫০০ টাকা করে সাহায্য দেওয়া হবে। যাঁদের চাষের জমির পরিমাণ কম, তাঁদের জন্য ন্যূনতম ১ হাজার টাকা আর্থিক সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।
এই ঘোষণায় স্বস্তি ফিরেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর-সহ বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে। বিশেষ করে ছোট জমিতে চাষ করা কৃষকদেরও সাহায্যের আওতায় আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁরা। দ্রুত জল নিষ্কাশন ও ক্ষয়ক্ষতির মূল্যায়নের আশ্বাসে কিছুটা হলেও ভরসা পাচ্ছেন ক্ষতিগ্রস্ত চাষিরা।
প্রাকৃতিক দুর্যোগে ফসল হারিয়ে বহু কৃষক এখন অনিশ্চয়তার মুখে। এই পরিস্থিতিতে সরকারি আর্থিক সাহায্য তাঁদের কতটা ক্ষতি সামাল দিতে পারে, এখন সেটাই দেখার। পাশাপাশি ক্ষতিপূরণের টাকা কবে থেকে কৃষকদের হাতে পৌঁছয়, সেদিকেও নজর থাকবে।







