একাধিক এফআইআর ঘিরে আইনি লড়াইয়ের মধ্যেই বড়সড় স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই সুরক্ষা বহাল থাকবে। অভিষেকের ‘সেবাশ্রয়’ প্রকল্প সংক্রান্ত মামলাগুলিতেও একই নির্দেশ দিয়েছে আদালত।
জানা গিয়েছে, ‘সেবাশ্রয়’ প্রকল্পে অনিয়মের অভিযোগে ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর এবং রবীন্দ্রনগর থানায় তদন্ত চলছে। এই তিনটি মামলাতেই অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে। পাশাপাশি ভবানীপুর, কালীতলা ও বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া এফআইআর সংক্রান্ত মামলাতেও আপাতত স্বস্তি পেয়েছেন তৃণমূল সাংসদ।
উল্লেখ্য, গত ২৫ অগস্ট এই তিন মামলায় অভিষেককে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই নির্দেশের মেয়াদ ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তার আগেই সুরক্ষার মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক।
সোমবার মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, সংশ্লিষ্ট মামলাগুলির তদন্ত এখনও শেষ হয়নি। প্রাথমিক তদন্তের রিপোর্টও আদালতে জমা দেওয়া হয়। একই সঙ্গে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করে রাজ্য। তবে দু’পক্ষের বক্তব্য শোনার পর সুরক্ষার মেয়াদ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেয় আদালত।
তবে এই রক্ষাকবচের ক্ষেত্রে কিছু শর্তও বহাল রয়েছে। তদন্তকারী সংস্থা তলব করলে অভিষেককে হাজিরা দিতে হবে। সেক্ষেত্রে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে তাঁকে। তদন্তে সহযোগিতা না করলে রাজ্য ফের আদালতের দ্বারস্থ হতে পারবে।
বিভিন্ন অভিযোগে অভিষেকের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই আইনি টানাপোড়েন চলছে। পুলিশের দায়ের করা এফআইআরগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশে আপাতত সেই আইনি লড়াইয়ে কিছুটা স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ।







