ভাষার ভিত্তিতে নয়, ধর্মীয় বিভাজনের পথ ধরেই দ্বিখণ্ডিত হয়েছিল অবিভক্ত ভারত। সেই দেশভাগের পর থেকেই ধর্মীয় সংখ্যালঘু, বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষকে বারবার আক্রান্ত হতে হয়েছে, প্রাণও হারাতে হয়েছে। বাংলাদেশের বর্তমান অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলাদেশে রক্ত ঝরছে তাঁদেরই ভাইদের। একজন বাঙালি হিন্দু হিসেবে তাঁর আহ্বান, এই ঘটনার প্রতিবাদে সকলকে রাস্তায় নামতে হবে। দেশভাগের জন্য জওহরলাল নেহরুকে দায়ী করে তাঁর দাবি, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের প্রধানমন্ত্রী হলে কোনওভাবেই দ্বিজাতি তত্ত্ব মেনে ভারতকে ভাগ হতে দিতেন না।
ক্ষমতা হারানোর প্রায় দু’বছর পর বাংলাদেশে ফেরার চেষ্টা চালাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরের বিজয় দিবসের আগে তাঁর দেশে ফেরার সম্ভাবনা ঘিরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ওপার বাংলায়। নিষিদ্ধ আওয়ামি লিগের বিরুদ্ধে চোরাগোপ্তা হামলা চালানোর অভিযোগ উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা কড়া পদক্ষেপ করছে পুলিশ ও প্রশাসন। হাসিনার সংসদীয় কেন্দ্র গোপালগঞ্জ এবং হিন্দু অধ্যুষিত নড়াইলেও সংঘর্ষের জেরে বিএনপি নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘাতের বলি হয়েছেন অনেকে। এই অশান্তির মধ্যে নতুন করে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠছে সংখ্যালঘু হিন্দুদের উপর। অন্যদিকে, হাসিনা ও আওয়ামি লিগকে প্রতিহত করতে বিরোধী জামাতের সঙ্গে হাত মিলিয়েছে শাসক বিএনপি। এমন পরিস্থিতিতে বাংলাদেশের তারেক রহমান সরকারের অভিযোগ, অশান্তির নেপথ্যে রয়েছে হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের প্রভাব। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ভারতের বিদেশমন্ত্রক।
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রবিবার প্রতিক্রিয়া দিতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, হিন্দুদের উপর অত্যাচার কিংবা সেখানকার অশান্তি নিয়ে সরকারি অবস্থান জানাবে বিদেশমন্ত্রক। তবে একজন বাঙালি হিন্দু হিসেবে তাঁর বক্তব্য, বাংলাদেশের জন্মের পিছনে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর অভিযোগ, ইন্দিরা গান্ধী ও জওহরলাল নেহরুকে ভুল বুঝিয়ে ব্রিটিশরা ভারত ভাগের পথ প্রশস্ত করেছিল। তাঁর মতে, দেশভাগের নেপথ্যে ভাষা নয়, সম্পূর্ণভাবে কাজ করেছিল ধর্মীয় বিভাজন। সেই সময় মানুষের জীবন ও নিরাপত্তা সুনিশ্চিত করতে গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলাই ছিল সবচেয়ে জরুরি। কিন্তু শেষ পর্যন্ত মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা হয়েছিল। নেতাজি প্রধানমন্ত্রী হলে দ্বিজাতি তত্ত্ব প্রত্যাখ্যান করে এক রাষ্ট্রের আদর্শেই অবিচল থাকতেন বলে দাবি বিজেপি সভাপতির।
বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শমীকের আরও বক্তব্য, ওপার বাংলায় যাঁদের রক্ত ঝরছে, তাঁরা তাঁদেরই ভাই। তাই বাঙালি হিন্দুদের একজোট হয়ে প্রতিবাদে সামিল হওয়া প্রয়োজন। তাঁর এই আহ্বানের পর প্রশ্ন উঠছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে দু’বছর আগের মতো এবারও কি পথে নামবেন এপার বাংলার মানুষ?







