আশঙ্কাজনক শারীরিক পরিস্থিতিতে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। রবিবার সকালে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক থাকলেও পরে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগের তুলনায় কিছুটা সুস্থ রয়েছেন বিধায়ক। পরিবারের দাবি, রেখার শরীরে কীটনাশক প্রবেশ করেছে। শনিবার রাতে তাঁর অবস্থার অবনতি হওয়ায় রাত ৩টে নাগাদ বসিরহাট জেলা হাসপাতাল থেকে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। পরিবারের তরফে দাবি করা হয়েছে, হাসপাতালের রেফারেল কার্ডে তাঁর পাকস্থলীতে বিষাক্ত হার্বাল লার্ভিসাইড বা ভেষজ কীটনাশকের উপস্থিতির কথা উল্লেখ রয়েছে।
শনিবার রাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিধায়ক রেখা পাত্র। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানকার সিসিইউ-তে ভর্তি করা হলেও শারীরিক পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। এরপরই উন্নত চিকিৎসার জন্য কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। বর্তমানে সেখানেই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি।
বিধায়কের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। পরিবারের সদস্য এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, খাবারে বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছেন রেখা। তাঁর কথায়, “পরিবারের তরফে আমার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। রেখা আগের তুলনায় সুস্থ রয়েছে। তবে পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না। বিজেপি পরিবার তাঁর পাশে রয়েছে। দ্রুত আরোগ্য কামনা করি।”
প্রসঙ্গত, বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছেন রেখা পাত্র। সন্দেশখালিতে তাঁর পারিবারিক জমি নিয়ে বিবাদ প্রকাশ্যে এসেছিল। এক পুলিশকর্মীকে চড় মারার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও পরবর্তী সময়ে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। সেই বিতর্কের পর থেকে সংবাদমাধ্যমের সামনে খুব একটা দেখা যায়নি তাঁকে। তবে দিন পাঁচেক আগে একটি বৈঠকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল রেখাকে। তার পরেই শনিবার রাতে তাঁর অসুস্থতার খবর সামনে আসে। আপাতত কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক।







