জেলা

পুকুরে মিলল নিখোঁজ যুবকের নিথর দেহ, সবংয়ে চাঞ্চল্য! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

অনুপম জানা, পশ্চিম মেদিনীপুর: রবিবার থেকে নিখোঁজ ছিলেন ৩৬ বছরের যুবক। পরিবারের তরফে খোঁজখবর চলছিল বিভিন্ন জায়গায়। এর মধ্যেই সোমবার সকালে গ্রামের পুকুর থেকে উদ্ধার হল তাঁর নিথর দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের দেভোগ অঞ্চলের ডিহিবাদলপুর এলাকায়।
মৃত যুবকের নাম উত্তম সিং (৩৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিহিবাদলপুর এলাকার বাসিন্দা উত্তমকে রবিবার থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেছিলেন। কিন্তু রাত পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি বলে স্থানীয়দের দাবি।
সোমবার সকালে এলাকার একটি পুকুরে কয়েক জন গ্রামবাসী উত্তমের দেহ ভাসতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে জড়ো হন বহু মানুষ। খবর দেওয়া হয় সবং থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে দেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে উত্তম কী ভাবে পুকুরে পড়লেন, জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে কি না, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে—তা এখনও স্পষ্ট নয়।
ঘটনাটিকে আপাতত অস্বাভাবিক মৃত্যু হিসেবে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে, হঠাৎ নিখোঁজ হওয়ার পর পুকুর থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তৈরি হয়েছে রহস্য ও আতঙ্কের পরিবেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.