উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন চত্বরে সোমবার গভীর রাতে বড়সড় উচ্ছেদ অভিযান চালায় রেল কর্তৃপক্ষ। রেলের জমিতে থাকা একাধিক বেআইনি দোকান, হকার স্টল ও পাকা নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। অভিযানের সময় সিপিএমের একটি পার্টি অফিসও গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
অভিযান ঘিরে স্টেশন এলাকায় বিপুল পুলিশ, জিআরপি ও আরপিএফ মোতায়েন করা হয়। পার্টি অফিস ভাঙার প্রতিবাদে বাম কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখালে পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।
রেল সূত্রে দাবি, আগেই অবৈধ দখলদারদের নোটিস দেওয়া হয়েছিল। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হকারদের অভিযোগ, পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাঁদের রুজি-রুটির উপর আঘাত হানা হয়েছে।







