বিয়ের দিন প্রতিটি মেয়েই চায় বাবা-মায়ের আশীর্বাদ, আপনজনদের ভালোবাসা। কিন্তু রুমা বিশ্বাসের জীবনে সেই বিশেষ দিনে পাশে ছিলেন না তাঁর বাবা-মা। পরিবারহীন রুমার বেড়ে ওঠা ডায়মন্ড হারবার পুলিশ জেলার উস্থি থানার অধীন ‘আশ্রয় শেল্টার হোমে’।
তবে বিয়ের দিনে পরিবারের অভাব বুঝতে দিলেন না হোমের সহ-আবাসিকরা এবং উস্থি থানার পুলিশকর্মীরা। হোম প্রাঙ্গণেই শান্তনু ব্যানার্জীর সঙ্গে শুভ পরিণয় সম্পন্ন হয় রুমার। কনেপক্ষের অভিভাবকের ভূমিকায় এগিয়ে আসেন উস্থি থানার আইসি রাহুল কুমার। তাঁর নেতৃত্বে পুলিশকর্মীদের আন্তরিক সহযোগিতায় আনন্দ, ভালোবাসা ও আশীর্বাদে নতুন জীবনে পা রাখলেন রুমা।
আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য নজির গড়ল উস্থি থানার পুলিশ। এই উদ্যোগ ফের প্রমাণ করল, মানবিকতার কোনও ইউনিফর্ম হয় না।
সুখে থাকুক নবদম্পতি, ভালোবাসায় ভরে উঠুক তাঁদের নতুন জীবন।







