অফবিট

ময়দা ছাড়াই তৈরি হবে নরম তুলতুলে মোমো! বাড়িতে সুজি দিয়ে বানান সুস্বাদু এই পদ

শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? আর খাবারের তালিকায় যদি মোমো থাকে, তা হলে তো কথাই নেই! কিন্তু ময়দা খাওয়ার বিষয়ে যাঁদের আপত্তি রয়েছে, তাঁরা অনেক সময় মোমো খাওয়ার ইচ্ছা চাপা দেন। তবে আর মন খারাপের কারণ নেই। ময়দার বদলে সুজি দিয়েই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু মোমো। সবজি দিয়ে তৈরি এই পদ যেমন মুখরোচক, তেমনই সন্ধ্যার জলখাবারের জন্যও দারুণ। রইল সহজ রেসিপি।

**কী কী উপকরণ লাগবে?**

**মোমোর খোল তৈরির জন্য:**
– সুজি – দেড় কাপ
– নুন – স্বাদমতো
– সাদা তেল – ২ টেবিল চামচ
– গলানো মাখন – ১ টেবিল চামচ
– জল – পরিমাণমতো

**পুর তৈরির জন্য:**
– বাঁধাকপি কুচি – ১ কাপ
– পেঁয়াজ কুচি – আধ কাপ
– লাল ও সবুজ ক্যাপসিকাম – ২ টেবিল চামচ
– সুইট কর্ন – ৪ টেবিল চামচ
– কাঁচালঙ্কা বাটা – ২ টেবিল চামচ
– আদা কুচি – আধ টেবিল চামচ
– রসুন কুচি – ১ টেবিল চামচ
– ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
– গোলমরিচের গুঁড়ো ও নুন – স্বাদমতো
– মাখন – ২ টেবিল চামচ

**কীভাবে বানাবেন?**

প্রথমে একটি পাত্রে বাঁধাকপি, পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি নিয়ে সামান্য নুন মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিন। সবজি থেকে জল বেরিয়ে এলে তা ভালো করে চেপে ফেলে দিন। এরপর মিশিয়ে নিন সুইট কর্ন, কাঁচালঙ্কা, আদা, গোলমরিচের গুঁড়ো ও ধনেপাতা।

এবার প্যানে মাখন গরম করে রসুন কুচি হালকা ভেজে নিন। গরম মাখন-রসুনের মিশ্রণটি সবজির পুরে ঢেলে ভালো করে মিশিয়ে রাখুন।

এবার মোমোর খোল তৈরির পালা। সুজি মিক্সারে মিহি করে গুঁড়ো করে নিন। একটি পাত্রে সুজির গুঁড়ো, নুন ও তেল মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিন। ডো খুব নরম করবেন না। ৫-১০ মিনিট ঢেকে রাখুন।

এরপর ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে গোল আকারে কেটে নিন। মাঝখানে তৈরি করা সবজির পুর দিয়ে নিজের পছন্দমতো আকারে মুড়ে নিন।

সবশেষে স্টিমারের প্লেটে সামান্য তেল বা মাখন মাখিয়ে মোমোগুলি সাজিয়ে দিন। ঢাকনা বন্ধ করে প্রায় ১০ মিনিট ভাপে রান্না করুন। তৈরি হয়ে যাবে গরমাগরম সুজির মোমো।

পছন্দের চাটনি কিংবা গরম স্যুপের সঙ্গে পরিবেশন করুন এই মজাদার জলখাবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.