যৌতুক হিসেবে পছন্দের গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকে কনেকে রেখেই চলে গেলেন এক দিল্লি পুলিশকর্মী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপতে।
কনের পরিবারের অভিযোগ, বিয়ের আগে পাত্র কুলদীপের পরিবার যৌতুক না নেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ মুহূর্তে বেঁকে বসেন বর। কনের বাবা প্রায় সাড়ে ৯ লাখ টাকা দিয়ে একটি ‘হুন্ডাই অরা’ গাড়ি বুক করেছিলেন। কিন্তু বিয়ের ঠিক আগের দিন কুলদীপ সেই গাড়িটিকে ‘ট্যাক্সি’ বলে কটাক্ষ করেন এবং তার বদলে ‘মারুতি সুজুকি ব্রেজা’ দাবি করেন।
স্বল্প সময়ে ব্রেজা জোগাড় করতে না পারায় ২০ নভেম্বর বিয়ের দিন শেরওয়ানি ছেড়ে সাধারণ পোশাকে মণ্ডপে হাজির হন কুলদীপ। অভিযোগ, সেখানে কনের পরিবারকে গালিগালাজ করে এবং পুলিশি ক্ষমতার দাপট দেখিয়ে প্রায় ৩০ জন বরযাত্রী নিয়ে ফিরে যান তিনি। বধূবেশে ছাদনাতলায় বসেই কান্নায় ভেঙে পড়েন এমএ পাস কনে হিনা।
ইতোমধ্যে বিয়ে ও স্বর্ণালঙ্কার বাবদ প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে ফেলা কনের বাবা সুভাষ কুমার স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষকে ডেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।







