ইতিমধ্যেই গোটা রাজ্য তথা দেশ জুড়ে তিলোত্তমার মর্মান্তিক পরিণতির কারণে ক্ষিপ্ত জনসাধারণ। ফের আরও একটি নিষ্পাপ প্রাণকে চলে যেতে হলো। আলিপুরদুয়ারে সাত বছরের নাবালিকাকে খুন করে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। সূত্রের খবর, আলিপুরদুয়ারের জয়গাঁ এলাকায় বাসিন্দা নিহত নাবালিকা। সূত্রের খবর, মঙ্গলবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না ওই নাবালিকাকে। ফলে পরিবার পুলিশের দ্বারস্থ হয়। তারপর শুরু হয় তদন্ত এবং সূত্র মারফত আরও জানা যায় যে নেপালের সীমান্ত থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এবং ইতিমধ্যেই অভিযুক্ত তার অপরাধ স্বীকারও করে নিয়েছে।
এসডিপিও প্রশান্ত দেবনাথ এক সাংবাদিক বৈঠকে জানান, “ মূল অভিযুক্তকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে । তার সাথে আরও দুজন সঙ্গী রয়েছে বলে জানা যায়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের । মঙ্গলবার থেকে যখন মেয়েটিকে পাওয়া যাচ্ছিলো না তখন অপহরণ মামলা দায়ের করে পরিবার। অন্যদিকে এদিন মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়। তারপর পকসো ও খুনের মামলা দায়ের করা হয়েছে। তবে কি কারণে এই খুন তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ” যদিও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সমস্ত বিষয় জানা যাবে।






