রাজনীতিরাজ্য

অন্নপূর্ণা থেকে ১২৫ দিনের কাজ, উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে সরকার পরিবর্তনের পর উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নে জোর দেওয়া হচ্ছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান-সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক জনমুখী প্রকল্পের কথা তুলে ধরে কার্শিয়ঙের দুটি কর্মসূচি থেকে আগামী দিনের উন্নয়ন পরিকল্পনার রূপরেখাও প্রকাশ করেন তিনি। শুভেন্দুর বক্তব্য, “পাহাড় আমাদের গর্ব, বাংলার মর্যাদা। ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পাহাড়ের উন্নয়ন আরও দ্রুত হবে। কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে দেওয়া হবে। উত্তরবঙ্গের জন্য পূর্ণাঙ্গ উন্নয়ন পরিকল্পনা তৈরি রয়েছে, যা পাহাড়বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।”

এদিন অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের মহিলাদের দ্রুত এই প্রকল্পে নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যাবে। শুভেন্দুর কথায়, “সরকারের বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রকল্পে সকলে নাম নথিভুক্ত করুন। প্রত্যেক মা-বোনের বাড়িতে গিয়ে তাঁদের নিজস্ব ভাষায় ফর্ম পূরণের ব্যবস্থা করা হবে। ডিবিটি ব্যবস্থার মাধ্যমে অন্নপূর্ণা যোজনার অর্থ সরাসরি তাঁদের অ্যাকাউন্টে জমা পড়বে।”

তিনি আরও জানান, গত ৩ জুন ইতিমধ্যেই ২৮ লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “এ পর্যন্ত ১ কোটি ৩ লক্ষ অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে। বাকি যাঁরা রয়েছেন, তাঁদের কাছেও সুবিধা পৌঁছে দিতে বিধায়করা গ্রাম ও ওয়ার্ড স্তরে প্রচার ও সহায়তার কাজ করবেন, যাতে প্রত্যেক মহিলা এই প্রকল্পের সুবিধা পান।”

পাশাপাশি তিনি ঘোষণা করেন, আগামী ১ জুলাই থেকে রাজ্যে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প চালু করা হবে। নিজের সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে শুভেন্দু বলেন, “আমি ভেবে-চিন্তেই কথা বলি। যা বলি, তা বাস্তবায়ন করি। আমার সরকার এবং বিজেপি সরকার মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.