রাজনীতি

ত্রিপল উদ্ধারে গিয়েই বিপাকে বিজেপি! দলবিরোধী কাজের অভিযোগে ৪ নেতাকে শোকজ

বঙ্গজুড়ে তৃণমূল নেতা ও প্রাক্তন জনপ্রতিনিধিদের বিভিন্ন কার্যালয় ও বাসস্থান থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, তখনই বীরভূমের সিউড়িতে ঘটল উল্টো চিত্র। ত্রিপল উদ্ধারের ঘটনায় উপস্থিত থাকার অভিযোগেই এবার দলের চার পদাধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল বিজেপি।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি শহর বিজেপির চার নেতাকে শোকজ নোটিস পাঠিয়েছেন শহর সভাপতি সুনয়ন ভান্ডারী। আগামী তিন দিনের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারলে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।

বিতর্কের সূত্রপাত সিউড়ির সাজানোপল্লি এলাকায়। সেখানে তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিকাশ রায় চৌধুরীর একটি অস্থায়ী বাসভবন থেকে তালা ভেঙে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল ও কম্বল উদ্ধারের ঘটনা সামনে আসে। অভিযোগ, ওই অভিযানের সময় বিজেপির কয়েকজন নেতা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ঘটনায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।

যদিও বিকাশ রায় চৌধুরীর দাবি, তাঁর বাড়িতে রাখা ত্রাণ সামগ্রীর বিষয়ে আগেই জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছিল। এমনকি সেগুলি সরকারি হেফাজতে নেওয়ার অনুরোধও করা হয়েছিল বলে তিনি দাবি করেছেন। তাঁর অভিযোগ, প্রশাসনের পদক্ষেপের আগেই বেআইনিভাবে তালা ভেঙে সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগ থেকেই বিজেপি নেতৃত্ব নিজেদের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সিউড়ির এই ঘটনায় এখন প্রশ্ন উঠছে—ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযানে অংশ নেওয়াই কি কাল হল বিজেপির ওই চার নেতার? নাকি এর নেপথ্যে রয়েছে আরও গভীর রাজনৈতিক সমীকরণ? তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.