বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা কে ঘিরে আলোচনা যেন থামছেই না। দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনার মধ্যেই এবার স্বামীর ব্যক্তিগত এক তথ্য প্রকাশ্যে এনে নতুন করে শিরোনামে উঠে এলেন সুনীতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, তরুণ বয়সে গোবিন্দের সুদর্শন চেহারা এবং ঘন চুল তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। হাসতে হাসতেই সুনীতার মন্তব্য, এখন অভিনেতা মাথায় হেয়ার প্যাচ ব্যবহার করেন।
তবে বিষয়টিকে কোনওভাবেই নেতিবাচকভাবে দেখতে নারাজ তিনি। সুনীতার মতে, বর্তমান সময়ে হেয়ার প্যাচ ব্যবহার অত্যন্ত সাধারণ বিষয়। বিনোদন জগতের বহু তারকাই এই পদ্ধতির সাহায্য নেন এবং এতে লজ্জার কিছু নেই। পুরুষ ও মহিলা— উভয়ের মধ্যেই এই প্রবণতা বাড়ছে বলেও দাবি করেন তিনি।
স্বামীর বাহ্যিক পরিবর্তনের কথা স্বীকার করলেও তাঁর প্রতিভা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে ভোলেননি সুনীতা। তাঁর কথায়, গোবিন্দের মতো প্রতিভাবান শিল্পী খুব কমই দেখা যায় এবং বলিউডে তাঁর জায়গা একেবারেই আলাদা।
উল্লেখ্য, এর আগেও গোবিন্দ ও সুনীতার সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা ছড়িয়েছিল। এমনকি পরকীয়া সম্পর্কের অভিযোগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। যদিও সেই সমস্ত জল্পনাকে গুরুত্ব না দিয়ে সম্প্রতি অভিনেতা দাবি করেন, তাঁদের পরিবারকে ঘিরে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে এবং কিছু মানুষ না বুঝেই সেই ষড়যন্ত্রের অংশ হয়ে যাচ্ছেন।
গোবিন্দ-সুনীতার এই নতুন মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। কেউ বিষয়টিকে স্বাভাবিক বলে মনে করছেন, আবার কেউ অবাক হয়েছেন অভিনেতার এই অজানা তথ্য সামনে আসায়।







