জেলারাজনীতি

জলপাইগুড়ি বিজেপিতে ভাঙন: আনি চিক বরাইকের পদত্যাগে জল্পনার ঝড়

ডুয়ার্সের চা বলয়ের পরিচিত মুখ, জলপাইগুড়ি বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক এবং বর্তমানে মেটেলি ইনডং পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী আনি চিক বরাইক এবার খোলাখুলিভাবে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করলেন। দীর্ঘদিন ধরে দলে গুরুত্ব না পাওয়ার ক্ষোভে কার্যত ফেটে পড়লেন তিনি। জেলা কমিটিতে স্থান না পাওয়া নিয়েই বৃহস্পতিবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন আনি, আর সেই ক্ষোভের আঁচে জেলা বিজেপির অন্দরে শুরু হয়েছে নতুন অস্বস্তি।

আদি আদিবাসী সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য চা বাগান এলাকায় বরাবর জনপ্রিয় ছিলেন আনি। সেই জনপ্রিয়তার জোরেই প্রায় ন’বছর আগে বিজেপিতে যোগ দেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের সিদ্ধান্ত গ্রহণের পর্যায় থেকে তাঁকে কার্যত দূরে সরিয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে আনি লিখেছেন—
“বিজেপিতে যারা পরিশ্রম করে দলের জন্য মাঠে নামেন, তাঁদের কোনও গুরুত্ব নেই। এখানে নেতার কাছের লোক হওয়াটাই মূল যোগ্যতা। মুখ দেখে কমিটি তৈরি হয়।”

তাঁর দাবি, দলের জেলা কমিটিতে এমন অনেককে রাখা হয়েছে, যাঁদের কর্মী বা সমর্থক টানার ক্ষমতাই নেই। অথচ ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মাঠে থেকেও তিনি কোনও পদ পাননি। এর ফলে বিজেপির প্রতি চরম ক্ষোভ জমেছে তাঁর মনে।

যদিও তিনি সরাসরি তৃণমূলে যোগদানের কথা ঘোষণা করেননি, তবু রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকেই মনে করছেন, শাসক দলের কাছে এই জনপ্রিয় চা বলয়ের নেত্রীকে দলে টানা এখন সময়ের অপেক্ষা মাত্র।

একই সঙ্গে দলের ভেতরে অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু করেছে। যুব মোর্চার প্রাক্তন সভাপতি বিবেক ছেত্রীও অভিযোগ করেছেন, “যাঁরা ময়দানে নেমে কাজ করছেন, তাঁদের দাম নেই। কয়েকজন নেতা দলে বসে সব সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন।” এমনকি প্রাক্তন জেলা সম্পাদক শ্যাম প্রসাদকেও নতুন কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে, যদিও তিনি এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি।

অন্যদিকে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন জেলা সভাপতি শ্যামল রায়। তাঁর বক্তব্য, “আনি একজন ভালো কর্মী ছিলেন। তাঁকে জেলা কমিটিতে রাখা হয়নি মানেই তাঁর গুরুত্ব কম নয়। ভবিষ্যতে তাঁকে বড় দায়িত্বও দেওয়া হতে পারে।”

তবে রাজনৈতিক মহলের মতে, আনি চিক বরাইকের এই পদত্যাগ শুধুমাত্র ব্যক্তিগত ক্ষোভ নয়, জলপাইগুড়ি জেলা বিজেপির ভেতরে বাড়তে থাকা ভাঙনের স্পষ্ট ইঙ্গিত। আগামী বিধানসভা ভোটে এর বড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.