অবৈধ অভিবাসীদের পর এবার বৈধ ভিসাধারী বিদেশিদের দিকেও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, প্রায় সাড়ে পাঁচ কোটিরও বেশি বৈধ মার্কিন ভিসাধারী বিদেশিকে বহিষ্কার করা সম্ভব কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সংস্থা এপি-কে দেওয়া এক লিখিত জবাবে বিদেশ মন্ত্রক জানিয়েছে, মার্কিন ভিসাধারীদের কাগজপত্র এবং যোগ্যতা নিয়মিতভাবে ‘ঝাড়াই-বাছাই’ করা হয়। কোনো বিদেশি ভিসা পাওয়ার শর্ত পূরণে ব্যর্থ হলে, সঙ্গে সঙ্গে তার ভিসা বাতিল করা হবে এবং তাকে ফেরত পাঠানো হবে।
কারা পড়বেন কোপে?
যাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ শেষ
যাঁরা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত
জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তি
সন্ত্রাসবাদ বা উগ্রপন্থার সঙ্গে যুক্ত কেউ
বৃহস্পতিবারই বিদেশমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেন, অবিলম্বে বন্ধ করা হচ্ছে বিদেশি ট্রাক চালকদের জন্য শ্রম ভিসা। তাঁর অভিযোগ, আমেরিকার রাস্তায় বিদেশি ট্রাক্টর-ট্রেলার চালকদের সংখ্যা ক্রমশ বাড়ছে, যা মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও কর্মসংস্থানের জন্য বড় বিপদ। বিশেষত সম্প্রতি এক শিখ ট্রাক চালকের গাফিলতিতে তিন মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে কড়া অবস্থান নিয়েছেন। আগে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের লক্ষ্য করা হলেও, এবার কোপ পড়তে পারে শিক্ষার্থী, ভিজিটর এক্সচেঞ্জ ভিসাধারী এমনকি বৈধভাবে বসবাসরত বিদেশিদের ওপরও।
আন্তর্জাতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ কার্যকর হলে আমেরিকায় বসবাসরত বিদেশিদের ভবিষ্যৎ নিয়ে এক অনিশ্চয়তার মেঘ নেমে আসবে।







