রাজ্যের প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংবিধান দিবস পালনের নির্দেশ দিল শিক্ষা দফতর। আগামী ২৬ নভেম্বর দিনটি উপলক্ষে বিভিন্ন শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচির আয়োজন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। পড়ুয়াদের মধ্যে সংবিধানের গুরুত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক আদর্শ সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।
১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়েছিল ভারতের সংবিধান। সেই ঐতিহাসিক দিনটির তাৎপর্য পড়ুয়াদের সামনে তুলে ধরতে রাজ্যের সমস্ত জেলা শিক্ষা আধিকারিকের কাছে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে।
**কী কী কর্মসূচি নেওয়ার নির্দেশ?**
নির্দেশিকা অনুযায়ী, সংবিধান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পোস্টার, ছবি, বুকমার্ক, ব্যাজ ও কোলাজ তৈরির মতো সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি স্কুলের প্রাতঃকালীন সমাবেশে নিয়মিত সংবিধানের প্রস্তাবনা পাঠের নির্দেশও দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, সংবিধান প্রণয়নের সময় গণপরিষদে রাজ্য বা সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিদের ভূমিকা নিয়েও পড়ুয়াদের গবেষণা ও আলোচনায় উৎসাহিত করতে বলা হয়েছে। ড. বি আর অম্বেডকর, রাজেন্দ্রপ্রসাদ এবং জওহরলাল নেহরুর মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের অবদান সম্পর্কেও পড়ুয়াদের জানাতে হবে।
**কীভাবে নজরদারি হবে কর্মসূচিতে?**
সংবিধান দিবস পালনের প্রস্তুতি ও আয়োজন ঠিকমতো হচ্ছে কি না, তা দেখভালের জন্য প্রতিটি জেলায় একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে। জেলা শিক্ষা আধিকারিকদের আরও নির্দেশ দেওয়া হয়েছে, গুগল ট্র্যাকারের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেওয়া পড়ুয়াদের সংখ্যা, ছবি এবং ভিডিও আপলোড করতে হবে।
শিক্ষা দফতরের এই নির্দেশের ফলে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সংবিধান দিবস ঘিরে বিশেষ আয়োজন হতে চলেছে। পড়াশোনার পাশাপাশি দেশের সংবিধান, অধিকার ও দায়িত্ব সম্পর্কে পড়ুয়াদের ধারণা আরও স্পষ্ট করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।







