আর মাত্র ১৪ থেকে ১৫ মাস। ২০২৭ সালের শেষ নাগাদ বাজারে চলে আসবে ‘ব্রডলি সুপার হিউম্যান AI’ বা অতি-উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা। এর ফলে বিশ্বজুড়ে সব ক্ষেত্রেই মানুষের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে এবং কোটি কোটি মানুষ রাতারাতি কর্মহীন হয়ে পড়বেন বলে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় AI নির্মাতা সংস্থা ‘অ্যানথ্রপিক’-এর (Anthropic) AI সেফগার্ড গবেষক টাও লিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লিন জানান, আসন্ন এই সুপার হিউম্যান AI মানুষের চেয়েও নিখুঁতভাবে কাজ করবে। শুধু তথ্যপ্রযুক্তিই নয়—শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, সাহিত্য, সিনেমা, এমনকি রাজনীতি ও সমাজসেবাতেও মানুষের আর কোনো দরকার পড়বে না। রোবট একবার কাজ শিখে নিলে সংস্থাগুলো আর বেতন দিয়ে মানুষ রাখবে না, যার ফলে মানুষের হাতে আয় না থাকায় বাজারে পণ্যের চাহিদা কমে যাবে এবং মুষ্টিমেয় কিছু সংস্থার হাতে সব সম্পদ কুক্ষিগত হয়ে সমাজে চরম অস্থিরতা ও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।
পাশাপাশি প্রতিরক্ষা ও পরমাণু অস্ত্রের মতো সংবেদনশীল ক্ষেত্রে AI-এর নিয়ন্ত্রণ বাড়ায় মানবজাতির অস্তিত্ব নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন লিন। তাঁর আশঙ্কা, AI যদি মানুষকে বিপদ মনে করে, তবে বিশ্বের প্রায় ২০ শতাংশ মানুষের প্রাণহানি ঘটতে পারে। এই ভয়াবহ বিপদ এড়াতে তিনি ক্লড (Claude)-এর মতো উন্নত মডেলের গবেষণায় এখনই রাশ টানার জন্য চিন ও আমেরিকাসহ সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।







