ক্রাইম

সম্পর্কের সন্দেহ থেকে ভয়াবহ পরিণতি! পুনেতে তরুণী ইঞ্জিনিয়ারকে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

প্রেমের সম্পর্কে অবিশ্বাস ও সন্দেহকে কেন্দ্র করে মর্মান্তিক ঘটনা পুনের হিঞ্জেওয়াড়িতে। ২৭ বছরের এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকের বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, প্রেমিকের অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তরুণী। এই বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি হত। রবিবার রাতের বচসা শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতি ডেকে আনে।

মৃত তরুণীর নাম কোমল। জানা গিয়েছে, সোমবার ভোররাত প্রায় ৩টে নাগাদ হিঞ্জেওয়াড়িতে তাঁর পেইং গেস্ট (PG) আবাসনে উপস্থিত ছিলেন প্রেমিক শুভম। সেখানেই দু’জনের মধ্যে ফের কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, বচসার একপর্যায়ে কোমলের উপর শারীরিকভাবে চড়াও হন শুভম। মাথা ও ঘাড়ে আঘাতের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর।

ঘটনার পর পালিয়ে না গিয়ে প্রেমিকার দেহের পাশেই দীর্ঘক্ষণ বসেছিলেন অভিযুক্ত। পরে নিজেই পুলিশকে ফোন করে ঘটনার কথা জানান বলে জানা গিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে এই ঘটনা ঘটল এবং ঘটনার পিছনে ঠিক কী পরিস্থিতি ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্ত শুভমের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

একটি সম্পর্কের টানাপোড়েন কীভাবে এমন মর্মান্তিক ঘটনায় গড়াল, তা নিয়েই এখন চাঞ্চল্য ছড়িয়েছে পুনের হিঞ্জেওয়াড়ি এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.