২০২৭ শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলিতে ভর্তির নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে দিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর। সরকারি, সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক এবং উচ্চ-প্রাথমিক স্কুলে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য জারি হয়েছে নয়া নির্দেশিকা। তাতে স্পষ্ট জানানো হয়েছে, ভর্তির জন্য কোনও পড়ুয়া বা তার অভিভাবককে পরীক্ষা কিংবা স্ক্রিনিংয়ের মুখে পড়তে হবে না। নির্দিষ্ট শ্রেণিতে আসনের তুলনায় আবেদন বেশি হলে লটারির মাধ্যমে পড়ুয়া বাছাই করা হবে।
শিক্ষার অধিকার আইন (RTE), ২০০৯ অনুযায়ী, ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুদের বয়স অনুযায়ী নিকটবর্তী স্কুলে বিনামূল্যে ভর্তির সুযোগ দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে এই বয়সসীমা ৬ থেকে ১৮ বছর।
**কোন ক্লাসে ভর্তির জন্য কত বয়স প্রয়োজন?**
২০২৭ সালের ১ জানুয়ারিকে বয়স গণনার ভিত্তি হিসেবে ধরা হবে।
– **প্রাক-প্রাথমিক:** ৫ বছর বা তার বেশি, ৬ বছরের কম।
– **প্রথম শ্রেণি:** ৬ বছর বা তার বেশি, ৭ বছরের কম।
– **দ্বিতীয় শ্রেণি:** ৭ বছর বা তার বেশি, ৮ বছরের কম।
– **তৃতীয় শ্রেণি:** ৮ বছর বা তার বেশি, ৯ বছরের কম।
– **চতুর্থ শ্রেণি:** ৯ বছর বা তার বেশি, ১০ বছরের কম।
– **পঞ্চম শ্রেণি:** ১০ বছর বা তার বেশি, ১১ বছরের কম।
– **ষষ্ঠ শ্রেণি:** ১১ বছর বা তার বেশি, ১২ বছরের কম।
– **সপ্তম শ্রেণি:** ১২ বছর বা তার বেশি, ১৩ বছরের কম।
– **অষ্টম শ্রেণি:** ১৩ বছর বা তার বেশি, ১৪ বছরের কম।
বিশেষ কারণ থাকলে প্রধান শিক্ষক বা শিক্ষিকা সর্বোচ্চ চার মাস পর্যন্ত বয়সের ছাড় দিতে পারবেন।
**আসন কম হলে কীভাবে হবে ভর্তি?**
কোনও শ্রেণিতে আসনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে প্রথমে সাধারণ আসনের জন্য লটারি হবে। এরপর সংরক্ষিত আসনগুলির জন্য পৃথকভাবে পর্যায়ক্রমে লটারি করা হবে।
তবে একই ভবন বা চত্বরে প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক স্কুল থাকলে চতুর্থ বা পঞ্চম শ্রেণি উত্তীর্ণ পড়ুয়ারা সংশ্লিষ্ট স্কুলে পরবর্তী শ্রেণিতে সরাসরি ভর্তির সুযোগ পাবে। তাঁদের জন্য লটারির প্রয়োজন হবে না। অবশিষ্ট আসনে বাইরের পড়ুয়াদের লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে।
**লটারিতে নাম না উঠলে কী করবেন?**
লটারিতে সুযোগ না পাওয়া পড়ুয়ার অভিভাবক সংশ্লিষ্ট জেলার বিদ্যালয় পরিদর্শক (DI)-এর কাছে আবেদন করতে পারবেন। পাশাপাশি বিদ্যালয় পরিদর্শকদের (SI) মাধ্যমে কাছাকাছি কোনও স্কুলে ওই পড়ুয়ার ভর্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত রিপোর্ট আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে জমা দিতে হবে।
কোনও শিশু যাতে ভর্তি থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে স্কুল শিক্ষা দফতর।







