শিক্ষা

NTA-তে বড়সড় সংস্কার, বদলাচ্ছে পরীক্ষার খাতা যাচাই থেকে নিরাপত্তা—৬০০ বিশেষজ্ঞ সরিয়ে নতুন ব্যবস্থা

সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলিকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র কাজের পদ্ধতিতে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল কেন্দ্র। পরীক্ষা পরিচালনা থেকে উত্তরপত্র মূল্যায়ন, আধিকারিক নিয়োগ এবং দফতরের নিরাপত্তা—একাধিক ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার উচ্চশিক্ষা সচিব, স্কুল শিক্ষা সচিব-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। বৈঠকে NTA-র সাম্প্রতিক কাজকর্ম এবং পরীক্ষার সময় তৈরি হওয়া নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপরই পরীক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।

সবচেয়ে বড় পরিবর্তন আসছে পরীক্ষক ও বিশেষজ্ঞদের দলেই। প্রায় ৬০০ জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে উত্তরপত্র যাচাইয়ের ক্ষেত্রে চালু হতে চলেছে চার-স্তরীয় মূল্যায়ন ব্যবস্থা। এর ফলে নম্বর দেওয়ার ক্ষেত্রে ভুল বা অসঙ্গতির সম্ভাবনা কমবে বলেই মনে করা হচ্ছে।

NTA-র প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ২০ থেকে ২৫ জন আধিকারিককে নতুন ব্যবস্থার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে আরও নিয়োগের বিষয়টিও পর্যালোচনা করা হয়েছে।

শুধু পরীক্ষার প্রক্রিয়াই নয়, NTA-র পরিকাঠামো ও নিরাপত্তাতেও জোর দেওয়া হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় সংস্থার দফতরগুলি নতুন ভবনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকবে CISF।

গত কয়েক বছরে প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নে ভুল এবং পরীক্ষা বাতিল বা পুনরায় নেওয়ার মতো ঘটনায় NTA-কে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। NEET ও UGC-NET নিয়ে বিতর্কের পর পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতেই এবার পরীক্ষাব্যবস্থায় বড়সড় সংস্কারের পথে হাঁটছে কেন্দ্র।

ইতিমধ্যেই NTA-তে কর্মী পর্যায়েও রদবদল শুরু হয়েছে। জুলাই মাসে ৪৭ জন কর্মীকে সরানো হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন বিতর্কিত ঘটনার জেরে আরও কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি নতুন পদে নিয়োগ এবং সংস্থার কাজের পরিকাঠামো ঢেলে সাজানোর নির্দেশও দেওয়া হয়েছে।

কেন্দ্রের লক্ষ্য স্পষ্ট—ভবিষ্যতের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে যেন প্রশ্নপত্র ফাঁস, মূল্যায়নে ভুল কিংবা নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের পুনরাবৃত্তি না ঘটে। সেই লক্ষ্যেই NTA-কে নতুন কাঠামোয় নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.