এশিয়ার ভূ-রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল ভারত। অস্ট্রেলিয়ার খ্যাতনামা থিঙ্ক ট্যাঙ্ক ‘লোয়ি ইনস্টিটিউট’-এর (Lowy Institute) ২০২৬ সালের ‘এশিয়া পাওয়ার ইনডেক্স’ অনুযায়ী, ভারত ও চীনের মধ্যকার শক্তির ব্যবধান গত আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একই সঙ্গে আঞ্চলিক নেতৃত্বে তিন ধাপ এগিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঠিক পরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার প্রকাশিত এই প্রতিবেদনে জানানো হয়েছে, ৪০.৫ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের পর ভারত এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে। ২০১৮ সালে এই সূচক চালুর পর থেকে বেইজিংয়ের সঙ্গে নয়াদিল্লির শক্তির পার্থক্য এখন সবচেয়ে কম, যদিও সামগ্রিক শক্তিতে চীন এখনো ভারতের চেয়ে ৮০ শতাংশ এগিয়ে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বের ধারাবাহিকতা ও স্থিতিশীলতাই মোদীকে আঞ্চলিক নেতৃত্বে এই সাফল্য এনে দিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং মার্কিন সাবমেরিনের হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ভারতের নীরব ভূমিকার কারণে মোদীর বৈশ্বিক নেতৃত্বের মূল্যায়নে কিছুটা অবনতি হয়েছে।
অর্থনৈতিক ক্ষেত্রে টাকার অবমূল্যায়ন ও বিদেশে বিনিয়োগ কমায় ভারতের পয়েন্ট সামান্য কমলেও ভবিষ্যৎ সম্পদের সূচকে উন্নতি হয়েছে। পাশাপাশি, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায় ভারতের সামরিক নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করে পাকিস্তান সূচকের ১৬তম স্থানে উঠে এসেছে।







