ভাইরাল

গাড়ির দীর্ঘ লাইন, তবুও নেই একটাও হর্ন! আইজলের এই ভিডিও দেখে অবাক নেটদুনিয়া

ব্যস্ত রাস্তায় গাড়ির দীর্ঘ সারি, তবুও নেই হর্নের কানফাটা আওয়াজ। ভারতের মেট্রো শহরগুলোর চেনা যানজট ও কোলাহলের বিপরীতে এক অনন্য নজির গড়েছে মিজোরামের রাজধানী আইজল। সম্প্রতি শহরটির শৃঙ্খলাবদ্ধ ট্রাফিক ব্যবস্থার একটি ভিডিও ‘এক্স’-এ (সাবেক টুইটার) শেয়ার করে ভূয়সী প্রশংসা করেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।
ভাইরাল ভিডিওতে এক স্থানীয় নারীকে দেখাতে দেখা যায়, রাস্তায় প্রচুর গাড়ি থাকা সত্ত্বেও চালকরা তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে লেনে দাঁড়িয়ে আছেন এবং স্টপ-লাইন ও সিগন্যাল মেনে চলছেন। ওই নারী গর্বের সাথে বলেন, “এখানে প্রচুর গাড়ি আছে, কিন্তু কোনো হর্ন নেই। সবকিছু শান্ত, কারণ এখানকার মানুষ ধৈর্যশীল এবং নিয়ম মেনে চলে।”
রবিবার (২২ নভেম্বর) ভিডিওটি শেয়ার করে ২০১৭ সালে আইজলে চালু হওয়া ‘নো-হংকিং’ নীতির কথা স্মরণ করেন আনন্দ মাহিন্দ্রা। তিনি লেখেন, “আমাদের কোলাহলপূর্ণ মেট্রো শহরগুলোতে নীরবতা এখন এক বিরল বিলাসিতা। পর্যটক হিসেবে আমরা সাধারণত প্রাকৃতিক দৃশ্য বা স্থাপত্য দেখতে যাই, কিন্তু আগামীতে এই ‘নীরবতার খোঁজ’ (quest for quiet) ভ্রমণের অন্যতম প্রধান কারণ হয়ে উঠতে পারে।”
সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়া এই পোস্টটি নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নাগরিক সচেতনতা ও ধৈর্য থাকলে যেকোনো ব্যস্ত শহরকেই যে শান্ত ও বাসযোগ্য রাখা যায়, আইজল তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.