বিয়ের দাবি ঘিরে তীব্র বচসা, আর তারই জেরে হোটেলের ঘরে ভয়াবহ পরিণতি—লুধিয়ানায় এক যুবতীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরকীয়া সম্পর্কে জড়িত প্রেমিক-প্রেমিকার মধ্যে বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই মতানৈক্য চলছিল। শুক্রবার শেষবার দেখা করতে একটি হোটেলে মিলিত হন দু’জনে। সেখানেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অভিযোগ, বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের উপর চড়াও হন যুবতী। বচসার মধ্যেই ব্লেড দিয়ে তাঁর পুরুষাঙ্গে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় নিজেকে বাঁচাতে গিয়ে অভিযুক্ত যুবক শ্বাসরোধ করে প্রেমিকাকে খুন করেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনার পর হোটেল থেকে বেরিয়ে গিয়ে নিকটবর্তী হাসপাতালে ভর্তি হন অভিযুক্ত অমিত নিশাদ। তিনি বর্তমানে চণ্ডীগড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ওই হোটেল ঘর বুক করা ছিল। তবে আধঘণ্টা আগেই অভিযুক্ত হোটেল ছাড়েন। পরে সন্দেহ হওয়ায় হোটেল কর্মীরা ঘরে গিয়ে যুবতীর নিথর দেহ উদ্ধার করেন। দেহে পচন ধরতে শুরু করেছিল। ঘটনাস্থল থেকে একটি ব্লেড উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত এগোচ্ছে পুলিশ।
নিহত যুবতী বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় ছিলেন এবং তাঁর দুই সন্তান রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে অভিযুক্ত অমিত নিশাদ অন্য এক মহিলাকে বিয়ে করতে চলেছেন—এই খবর জানার পরই শেষবার দেখা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে পুলিশের দাবি। লুধিয়ানা পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার সমীর ভার্মা জানান, অভিযুক্তের বয়ান রেকর্ড করা হয়েছে এবং হাসপাতাল থেকে সুস্থ হলেই তাঁকে গ্রেফতার করা হবে। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।







