কলকাতাক্রাইম

‘টাকা দিলে মিলবে রেহাই’ প্রতিশ্রুতি পুলিশকর্মীর

অভিযুক্তকে রেহাই পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠল এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পার্ক স্ট্রিটে।

স্থানীয় সূত্রে খবর, হাওড়ার সালকিয়ার বাসিন্দা সাগর দুবে। সংস্থার কর্মী হিসাবে তার কাজ ছিল বাজার থেকে টাকা আদায় করে সংস্থার অ্যাকাউন্টে জমা দেওয়া। কিন্তু সেই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পার্ক স্ট্রিট থানার পুলিশ আগেই সাগরকে গ্রেফতার করার পর ব্যাঙ্কশাল আদালত তাঁকে পুলিশি হেফাজতে পাঠায়।

এদিকে মামলার হাত থেকে সাগরকে রেহাই পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর বাড়ির লোকের থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল পার্ক স্ট্রিট থানার এক আধিকারিকের বিরুদ্ধে। সাগরের পরিবারের অভিযোগ, তাদের বাড়ির ছেলে পুলিশি হেফাজতে থাকাকালীন তাঁর ভাই অমিত দুবেকে বার বার হোয়াটসঅ্যাপে ফোন করে টাকা চাওয়া হয়। শুধু তাই নয়, পছন্দের উকিলকে দিয়ে মামলা লড়ারও চাপ দেন ওই পুলিশ আধিকারিক। এই ব্যাপারে অমিত বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে ব্যাঙ্কশাল আদালতে হলফনামা দিয়ে অভিযোগ জানায়।

আদালত সূত্রে খবর, সাগর পার্ক স্ট্রিটের এক সংস্থায় কাজ করতেন। বাজার থেকে সংস্থার প্রায় ৩ লক্ষ ১৭ হাজার টাকা তুলে তা আত্মসাত্‍ করেন তিনি বলে অভিযোগ। গত অক্টোবরে সংস্থার তরফে অভিযোগ পেয়ে তদন্তে নামে পার্ক স্ট্রিট থানার পুলিশ। এদিকে অমিতের অভিযোগ, ”গত ৩ জানুয়ারি দ্বিতীয় বার দাদাকে থানায় ডাকা হয়। দাদা, আমি এবং মা রিঙ্কু দুবে থানায় গেলে ওই পুলিশ আধিকারিক ৬০ হাজার টাকা চান এবং তাঁর পছন্দের উকিলকে দিয়ে মামলা লড়তে বলেন। জানান, তা হলে মামলা থেকে রেহাই পেয়ে যাবে দাদা। আমরা টাকা দিতে পারব না বলায় আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে থানা থেকে বার করে দেওয়া হয়। ”

সাত দিনের পুলিশি হেফাজত শেষে বৃহস্পতিবার সাগরকে আদালতে হাজির করার পর অমিতের অভিযোগ, “শুনানি শুরুর ৩০ মিনিট আগেও তাঁকে হোয়াটসঅ্যাপ কল করে একই হুমকি দেন ওই পুলিশ আধিকারিক।”এদিন সাগরদের আইনজীবী শতাব্দী রুদ্র সিংহ বলেন, ”ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জি জানানো হয়েছে। তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ারও আর্জি জানানো হয়েছে। ১৬ জানুয়ারি শুনানির কথা।” এপ্রসঙ্গে সরকারি আইনজীবী বলেন, “আত্মসাত্‍ করা টাকা দিয়ে ব্যক্তিগত ঋণ মিটিয়েছেন সাগর। তাঁর ১৬ জানুয়ারি পর্যন্ত ফের পুলিশি হেফাজত হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.