কামারহাটির আলোচিত ব্যক্তিত্ব জয়ন্ত সিং-এর বিলাসবহুল ‘প্রাসাদ’ ভাঙার মামলায় আরও কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। বেআইনি নির্মাণের অভিযোগে আগেই এই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের দেওয়া ৮ সপ্তাহের সময়সীমা পার হওয়ার পর অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছিল কামারহাটি পুরসভা।
বৃহস্পতিবার সেই আবেদনের শুনানিতে বিচারপতি গৌরাঙ্গ কান্ত সাফ জানিয়ে দেন— “আগে কিছু পদক্ষেপ করুন। অন্তত দু’টি তলা ভেঙে আসুন। তারপর বলুন আরও সময় লাগবে। আদালত দেখতে চায়, আপনারা সত্যিই উদ্যোগ নিয়েছেন কি না।”
পুরসভার দাবি, জয়ন্ত সিং-এর বাড়ি অতি বিশাল, নিজস্ব পরিকাঠামো দিয়ে তা ভাঙা সম্ভব নয়। পুরপ্রধান গোপাল সাহা বলেন, “পুরসভা আদালতের নির্দেশ অনুসারে কাজ করবে। আমরা শীঘ্রই টেন্ডার ডেকে কোনও সংস্থাকে ভাঙার দায়িত্ব দেব।”
উল্লেখ্য, এই প্রাসাদসম বাড়ির কাচে মোড়া বারান্দা, মার্বেল ফিনিশ অন্দরমহল, ও বিলাসবহুল রূচি দেখে অনেকেই অভিভূত হতেন। কিন্তু বাড়িটি বেআইনি নির্মাণ, এমনকি জমির মালিকানা ঘিরেও একাধিক প্রশ্ন ওঠে। আদালত সেই সব দিক বিচার করেই ভাঙার নির্দেশ দেয়।
এখন দেখার, পুরসভা কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় ও আদালতের কড়া বার্তার কী প্রতিক্রিয়া হয় প্রশাসনের তরফে।







