বর্ষার শুরুতেই সল্টলেক সেক্টর ফাইভে জল জমার সমস্যা ফের প্রকট হয়েছে। সামান্য বৃষ্টিতেই টেকনোপলিস থেকে নবদিগন্ত ফ্লাইওভারের মুখ পর্যন্ত রাস্তার দু’ধারে জল জমে কার্যত স্তব্ধ হয়ে যাচ্ছে যান চলাচল। গাড়ি চলার সময় ঢেউ উঠে ফুটপাত পর্যন্ত জল পৌঁছে যাচ্ছে, যার জেরে নিত্যযাত্রী ও অফিসকর্মীদের দুর্ভোগ চরমে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, মেট্রো প্রকল্পের কাজের পর থেকেই নিকাশি ব্যবস্থায় সমস্যা বেড়েছে। পর্যাপ্ত জলধারণ ক্ষমতা না থাকায় দ্রুত জল নামছে না। ফলে বৃষ্টির পর দীর্ঘক্ষণ রাস্তা জলমগ্ন থাকছে। জমা জলের মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে বহু গাড়িতে জল ঢুকে বিকল হয়ে পড়ছে, যার ফলে যানজট আরও বাড়ছে।
শুধু টেকনোপলিস বা নবদিগন্ত নয়, সেক্টর ফাইভ মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা এবং করুণাময়ী থেকে বইমেলা প্রাঙ্গণ পর্যন্ত বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ষার শুরুতেই যদি এই পরিস্থিতি হয়, তবে ভরা বর্ষায় সমস্যা আরও ভয়াবহ হবে। তাই দ্রুত নিকাশি পরিকাঠামোর উন্নয়নের দাবি তুলেছেন তাঁরা।







