নদীর জোয়ার এলেই দক্ষিণ কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল ডুবে যায় জলে। কালীঘাট মন্দির থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন পর্যন্ত বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বর্ষার মরসুমে এই সমস্যা আরও তীব্র হয়ে ওঠে। বিশেষত কালীঘাট মন্দির-সহ ৮৩ নম্বর ওয়ার্ড, মুখ্যমন্ত্রীর বাসস্থান থাকা ৭৩ নম্বর ওয়ার্ড এবং সাংসদ মালা রায়ের অন্তর্গত ৮৮ নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে এবার বিশেষ প্রকল্প হাতে নিল কলকাতা পুরসভা।
সূত্রের খবর, সোমবার মেয়র পরিষদের বৈঠকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টালিনালা ও গঙ্গার সংযোগস্থল দইঘাটে নির্মিত হবে আধুনিক ব্যারাজ এবং নিকাশি পাম্পিং স্টেশন। প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় ১৩৪ কোটি ৮৫ লক্ষ টাকা। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে দুর্গাপুজোর পরেই কাজ শুরু হবে। পুরসভার দাবি, কাজ শেষ হলে জোয়ারের জল আর আশপাশের রাস্তাঘাট ও বাড়িঘরে ঢুকতে পারবে না।
প্রস্তাবিত ব্যারাজটির উচ্চতা হবে প্রায় ২৫ ফুট এবং দৈর্ঘ্য ৪২ মিটার। বানের সময়ে গেট বন্ধ থাকায় গঙ্গার জল টালিনালায় ঢুকবে না। আবার ভাটার সময়ে গেট খোলা থাকবে। বর্ষাকালে জোয়ারের সময়ও এই ব্যারাজের গেট বন্ধ রাখা হবে এবং নতুন পাম্পিং স্টেশনের সাহায্যে নিকাশির জল বের করা হবে। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, কোটালের সময় গঙ্গার জলস্তর ১৫–২০ ফুট পর্যন্ত বেড়ে যায়, তার উপর বৃষ্টির জল মিশে পরিস্থিতি আরও খারাপ হয়। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবেই ব্যারাজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রকল্পের দায়িত্ব বর্তমানে পরিকল্পনা ও উন্নয়ন দফতরের হাতে। খরচের একটি বড় অংশ আসবে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে, যেখান থেকে ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় বলেন, বহু বছর ধরে এই এলাকার মানুষ জলযন্ত্রণা সহ্য করছেন। এবার প্রকল্প সম্পূর্ণ হলে সমস্যার স্থায়ী সমাধান হবে। তাঁর আশা, কালীঘাট ও আশপাশের মানুষ স্বস্তি ফিরে পাবেন।
এলাকার বাসিন্দারাও আশাবাদী যে ব্যারাজ ও পাম্পিং স্টেশন তৈরি হলে আগামী বর্ষার আগে জলমগ্ন হওয়ার দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। বিশেষজ্ঞদের মতে, প্রকল্প বাস্তবায়িত হলে শুধু কালীঘাট নয়, দক্ষিণ কলকাতার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা প্লাবন সমস্যার হাত থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে।







