ফের নিম্মচাপের ভ্রূকূটি বাংলায়। যার ফলে ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে রাজ্যের জেলাগুলিতে। ঝাড়খণ্ড ও সন্নিহিত এলাকায় শক্তিশালী নিম্নচাপ, অক্ষরেখা অথবা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা ক্রমশ বাড়ছে। তার সঙ্গে যোগ হয়েছে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প। এর প্রভাবে মঙ্গলবার থেকেই ধাপে ধাপে রাজ্যে হাওয়া বদল হতে শুরু করেছে।
শীতের বিদায় কার্যত হয়ে গিয়েছে। গরমও অনুভূত হয়েছে। এবার বৃষ্টির ভ্রূকূটি রাজ্য়ে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorm in WB) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চার-পাঁচটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা সঙ্গে হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলেও খবর। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গী হতে পারে ঝোড়ো হাওয়া।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে অস্বস্তিও বাড়বে। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।







