নিম্নচাপের প্রভাবে স্যাঁতস্যাঁতে শীত দক্ষিণবঙ্গে। তবে আজ, শনিবার থেকে পরিস্থিতির বদল হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির আশঙ্কা আর নেই। মোটের ওপর শুষ্কই থাকবে আবহাওয়া। আকাশ হালকা মেঘলা থাকতে পারে। বেশ সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকবে একাধিক জেলার আকাশ। সপ্তাহান্তে সামান্য কমবে শীত, আকাশ থাকবেপরিষ্কার।
শনিবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস।রাতের দিকে সেই তাপমাত্রা কমে গিয়ে হতে পারে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে কুয়াশা থাকবে আকাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ।
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমলেও উল্টো চিত্র থাকবে উত্তরবঙ্গে । উত্তরবঙ্গে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২-৩ দিনে ২ ডিগ্রি মত কমতে পারে তাপমাত্রা। অন্যদিকে জারি থাকবে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কুয়াশা থাকতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ঘন কুয়াশার জেরে কমলা সতর্কবার্তা উত্তরবঙ্গের সব জেলাতে। আপাতত দক্ষিণবঙ্গের জেলা গুলিতে শীতের দাপট কম থাকবে কিছুটা। মনোরম পরিবেশ বজায় থাকবে।
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙেও এই দুই জেলায় হালকা বৃষ্টির সাথে তুষারপাতও হবে। মোটের উপর উত্তরবঙ্গের সব জেলাতেই ঠান্ডার ভরপুর আমেজ রয়েছে।







