ক্লাসে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসার সুযোগ মিলবে না— সুরেন্দ্রনাথ ল কলেজের এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিজ্ঞপ্তি ঘিরে ক্ষোভে সরব হন পড়ুয়ারা। সিদ্ধান্ত প্রত্যাহার এবং ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার রাতভর তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। আন্দোলনের জেরে কলেজ চত্বরেও উত্তেজনা ছড়ায়।
কলেজ কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের পরীক্ষা শুরুর মুখে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উপস্থিতির হার প্রয়োজনের তুলনায় কম থাকায় বহু পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার উপর শুক্রবারই ছিল পরীক্ষার ফর্ম পূরণের শেষ দিন। ফলে পড়ুয়াদের উদ্বেগ ও ক্ষোভ আরও তীব্র হয়। আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি, কোনও পরীক্ষার্থীকে বঞ্চিত না করে প্রত্যেককেই পরীক্ষায় বসার অনুমতি দিতে হবে।
যদিও কলেজ সূত্রে দাবি, ভিআরপি পদ্ধতিতেই পড়ুয়াদের উপস্থিতির হিসাব সংরক্ষণ করা হয়। গত জুন মাসেই সেই উপস্থিতির তথ্য প্রকাশ করা হয়েছিল, যাতে প্রত্যেক ছাত্রছাত্রী নিজেদের উপস্থিতির হার যাচাই করার সুযোগ পান।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাইস প্রিন্সিপাল জানান, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার জন্য ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। একইসঙ্গে কলেজে পুলিশ ঢুকবে না বলেও পড়ুয়াদের আশ্বস্ত করেন ভাইস প্রিন্সিপাল। তবে তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। নিজেদের দাবিতে অনড় থেকে রাতভর ঘেরাও ও বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারী পরীক্ষার্থীরা।







