চলতি সপ্তাহে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ, ফলে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। পরবর্তী ২৪ ঘণ্টায় সেই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরেই বাংলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে আজ, মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া জেনে নিন,,,,,,
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামিকাল, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। জলীয় বাষ্পের কারণে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আজ, মঙ্গলবার বৃষ্টি কমবে; বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহের একেবারে শেষ ভাগ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামী দিন চার পাঁচেকের মধ্যে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।







