ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই ফের আবহাওয়ার ভোলবদলের ইঙ্গিত। একদিকে অর্ণবের অবশিষ্টাংশ ছত্তিশগড়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি নিম্নচাপ। যার জেরে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে শীতের আমেজে ফের বাধা পড়তে পারে বলে আশঙ্কা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আন্দামান সাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে।
এদিকে দক্ষিণবঙ্গে আজ, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা। তবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
তবে স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফের বৃষ্টির স্পেল চলার আশঙ্কা রয়েছে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৬ থেকে ৯৮ শতাংশ।







