চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতেই অসহনীয় গরমে নাজেহাল পরিস্থিতি। দেশের একাধিক প্রান্তে তাপমাত্রা ৪৩-৪৪ ডিগ্রি ছুঁয়েছে, আর তারই মধ্যে স্বস্তির বার্তা—বর্ষা এ বছর সময়ের আগেই আসতে পারে।
আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা European Centre for Medium-Range Weather Forecasts পূর্বাভাস বলছে, মে মাসের শেষেই দক্ষিণ ভারতে মৌসুমি বায়ুর প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে ১৮ থেকে ২৫ মে-র মধ্যে আন্দামান ও নিকোবর অঞ্চলে বর্ষার প্রথম ছোঁয়া লাগতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগর ও আন্দামান সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা মৌসুমি বায়ুর অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে। ফলে নির্ধারিত সময়ের আগেই বর্ষা দেশের বিভিন্ন অংশে পৌঁছে যেতে পারে।
কলকাতার জন্য কী ইঙ্গিত?
সাধারণত কলকাতা-তে জুনের দ্বিতীয় সপ্তাহে বর্ষা ঢোকে। তবে চলতি পরিস্থিতিতে জুনের প্রথম সপ্তাহেই বর্ষার আগমন ঘটতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তার আগে মে মাসের মাঝামাঝি থেকেই কালবৈশাখীর ঝড়-বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিতে পারে শহরবাসীর জন্যে।
অন্যদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, এল নিনোর প্রভাবে এ বছর বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। মোট বৃষ্টিপাত প্রায় ৯২ শতাংশে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে গরমের তীব্রতা দীর্ঘস্থায়ী হতে পারে এবং কৃষিক্ষেত্রেও প্রভাব পড়তে পারে।







