ফেব্রুয়ারি শেষ হতে না হতে উধাও হয়েছে শীত। বরং বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ছ’টি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধ এবং বৃহস্পতিবারের জন্য। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে। তার পরের তিন দিন তাপমাত্রা একরকম থাকবে। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত।
এছাড়াও হরিয়ানা এবং গুরুগ্রামে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা মঙ্গলবারের মধ্যে। সেই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধু দার্জিলিং এবং কালিম্পঙে। দার্জিলিঙে সোমবারও বৃষ্টি হতে পারে। চলবে রবিবার পর্যন্ত। কালিম্পঙে বৃষ্টি শুরু হবে বুধবার থেকে। উত্তরবঙ্গের বাকি জেলায় আপাতত শুকনো আবহাওয়া থাকবে। সেই সঙ্গে সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৩ শতাংশ।







