আবহাওয়া

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ক্রমশ শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় অতি তীব্র আকার নিতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে ঝড়ের প্রভাব পড়ার আশঙ্কায় জারি হয়েছে সতর্কতা।
মৌসম ভবনের তথ্য অনুযায়ী, পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ সোমবার ভোরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সমুদ্রের উপর থেকে শক্তি সঞ্চয় করে এটি উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলবর্তী অঞ্চলে স্থলভাগে প্রবেশ করতে পারে ‘অর্ণব’। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত।
ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আবহাওয়ার পরিবর্তনের জেরে আগামী কয়েক দিনে দুই বঙ্গেই তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.