অফবিট

২০২৭ সালে কবে কোজাগরী লক্ষ্মীপুজো? জেনে নিন মহালয়া থেকে লক্ষ্মী আরাধনার সম্পূর্ণ দিনক্ষণ

বিজয়া দশমীর সিঁদুর খেলা কিংবা কোজাগরী পূর্ণিমার লক্ষ্মী আরাধনা শেষ হলেই বাঙালির মনে যেন বিষাদের সুর বাজে। দেখতে দেখতে শেষ হয়ে যায় উৎসবের দিনগুলি। তবে উৎসবপ্রিয় বাঙালি বেশিদিন মন খারাপ করে বসে থাকে না। এক উৎসব শেষ হতেই শুরু হয়ে যায় পরের বছরের পুজোর অপেক্ষা। তাই এখন থেকেই অনেকের মনে প্রশ্ন—২০২৭ সালে কবে হবে দুর্গাপুজো? আর কবে ঘরে ঘরে শ্রী, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী লক্ষ্মীর আরাধনা?

২০২৭ সালের পঞ্জিকা অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর, বুধবার পালিত হবে মহালয়া। তবে বিশুদ্ধ পঞ্জিকার হিসাব বলছে, ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। মহালয়ার মধ্য দিয়েই শুরু হয় দেবীপক্ষের সূচনা। এরপর শারদীয়া দুর্গোৎসবের বিভিন্ন পর্ব পেরিয়ে ১০ অক্টোবর, রবিবার পালিত হবে বিজয়া দশমী।

বিজয়া দশমীর চার দিন পরেই আসে বাঙালির অন্যতম প্রিয় উৎসব কোজাগরী লক্ষ্মীপুজো। ২০২৭ সালে ১৪ অক্টোবর, বৃহস্পতিবার পালিত হবে কোজাগরী লক্ষ্মীপুজো। পঞ্জিকা অনুসারে, ওই দিন সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে শুরু হবে কোজাগরী পূর্ণিমা তিথি। ১৪ ও ১৫ অক্টোবর—দুই দিনই পূর্ণিমা তিথি থাকলেও পুজোর জন্য নিশিযাপনের বিধান থাকায় ১৪ অক্টোবর রাতেই লক্ষ্মী আরাধনা করা হবে।

লোকবিশ্বাস অনুযায়ী, কোজাগরী পূর্ণিমার পবিত্র রাতে দেবী মহালক্ষ্মী স্বর্গলোক থেকে মর্ত্যে অবতীর্ণ হন। তিনি সারা পৃথিবী ঘুরে দেখেন, কারা তাঁর আরাধনায় জেগে রয়েছেন। বিশ্বাস করা হয়, যে গৃহে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দেবীর পুজো হয় এবং মানুষ রাত জেগে তাঁর নাম স্মরণ করেন, সেই ঘরেই প্রবেশ করেন মা লক্ষ্মী। তাঁর কৃপায় সংসারে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি, দূর হয় অভাব-অমঙ্গল।

শাস্ত্রীয় বিধান অনুযায়ী, কোজাগরী লক্ষ্মীপুজোর ক্ষেত্রে পূর্ণিমার রাত পাওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। যেহেতু ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটেই পূর্ণিমা তিথির সূচনা হচ্ছে, তাই ওই রাতেই হবে দেবী লক্ষ্মীর আবাহন ও আরাধনা।

ফলে আগামী বছরের পুজোর দিনক্ষণ এখন থেকেই জানা হয়ে গেল। হাতে সময় থাকতেই শুরু করে দেওয়া যেতে পারে কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি। ধানের শিষ, আলপনা আর প্রদীপের আলোয় ফের একবার সাজবে বাঙালির ঘর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.