ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ও হিংসাত্মক ঘটনার আবহে প্রবাসী ভারতীয়দের শান্তিপূর্ণ জীবনযাপন ও সুশৃঙ্খল আচরণের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। দু’দিনের জার্মানি সফরে বার্লিনে প্রবাসী ভারতীয়দের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতীয়দের শান্তিপ্রিয় মনোভাব, কঠোর পরিশ্রম এবং পরিবারকেন্দ্রিক জীবনযাত্রাই বিদেশের মাটিতে তাঁদের বিশেষ সম্মান এনে দিয়েছে।
গোয়েলের বক্তব্য, ভারতীয়রা সাধারণত হিংসা, ভাঙচুর কিংবা বিশৃঙ্খলার সঙ্গে নিজেদের জড়ান না। তাঁদের এই সংযত ও দায়িত্বশীল আচরণের জন্যই বিদেশের প্রশাসন থেকে সাধারণ মানুষ—সকলের কাছেই তাঁরা সমাদৃত। ইউরোপের বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, মজুরি এবং জনপরিষেবা নিয়ে আন্দোলনের প্রসঙ্গেই ভারতীয়দের এই ভূমিকার কথা তুলে ধরেন তিনি।
পাশাপাশি, জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আসা ভারতীয় পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠিত প্রবাসীদের কাছে আবেদন জানান কেন্দ্রীয় মন্ত্রী। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের অভিভাবকের মতো সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বিদেশে ভারতীয় কর্মীদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতেও প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন গোয়েল। তাঁর এই সফরে জার্মানির উচ্চপদস্থ আধিকারিক, ব্যবসায়ী ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, উন্নত উৎপাদন এবং প্রযুক্তি সহযোগিতা নিয়েও আলোচনা হয়।







