গত ১০ বছরের রেকর্ড ছাড়িয়েছে বাংলার তাপমাত্রা। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১.৬ ডিগ্রি , সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। দিনেরবেলায় রোদ উঠলেও , সূর্যাস্তের পর থেকেই কনকনে শীতের দাপট দেখা যাচ্ছে গোটা বঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রির ঘরে রয়েছে। বেশ কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গে বয়ে চলা শৈত্যপ্রবাহের কারণে শীতের এই দাপট। আগামী কয়েকদিন ধরে এমন শীত চলবে বাংলায়। উইকেন্ডেও শীতের এই দাপট থাকার সম্ভাবনা রয়েছে বলেই খবর। বিশেষ করে রাত ও ভোরের দিকে শীতের প্রভাব সবচেয়ে বেশি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আরো নামবে তাপমাত্রা। বৃষ্টিপাতের কোনো সম্ভবনা না থাকলেও কুয়াশা বিরাজমান থাকবে বাংলার আকাশে।
জানা গেছে, সপ্তাহন্তে অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও একইভাবে কুয়াশা বিরাজমান থাকবে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে থাকবে। দিনের বেলায় তাপমাত্রা সামান্য বাড়লেও রাতেরবেলায় হাড় কাঁপানো শীতে কাঁপবে বঙ্গবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্রের উপর একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। অন্যান্য রাজ্যে এর প্রভাব পড়লেও পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের কোনো প্রভাব পড়বে না।







