ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ বিদায় নিতেই আবার সক্রিয় বঙ্গোপসাগর। এবার তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত ‘দিতোয়া’। শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম দিক থেকে সিস্টেমটি ধীরে ধীরে এগোচ্ছে পুদুচেরী উপকূলের দিকে। তবে স্বস্তির খবর— এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে।
তবুও আগামী কয়েক দিনে আবহাওয়ায় বড় রদবদলের সংকেত দিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গ: বাড়ছে রাতের তাপমাত্রা, ফিরছে গরমের ছোঁয়া।
নভেম্বর শেষ হলেও শীতের সেই পরিচিত ছোঁয়া মিলছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে—
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়তে পারে।সপ্তাহান্তে তাপমাত্রা আরও কিছুটা উপরে উঠতে পারে, দিন ও রাত দু’সময়ই শীত কম অনুভূত হবে।বৃষ্টি নেই রাজ্যে— সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কুয়াশার দাপট বাড়বে
ডুবে ডুবে ঠান্ডা নয়, বরং দিনের শুরুটা হবে ঘন কুয়াশার সঙ্গে।
▪️ আগামী দু’-তিন দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশা দেখা যাবে।
▪️ উপকূলীয় জেলাগুলিতে কুয়াশা আরও ঘন হতে পারে।
▪️ যদিও কুয়াশা নিয়ে কোনও সতর্কতা জারি হয়নি।
হাওয়া অফিসের অনুমান— ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ধীরে ধীরে বাড়বে শীতের আমেজ।
উত্তরবঙ্গ: শুষ্ক আবহাওয়া, সঙ্গে সকালের কুয়াশা
উত্তরবঙ্গেও তেমন কোনও বড় আবহাওাগত বিপর্যয়ের আশঙ্কা নেই।
সব জেলাতেই আপাতত বৃষ্টি নেই। পার্বত্য জেলা যেমন দার্জিলিং–কালিম্পং থেকে শুরু করে সমতলের জলপাইগুড়ি–কোচবিহার— সর্বত্রই ভোরবেলায় কুয়াশা ভোগাতে পারে। আগামী ২৪ ঘণ্টায় এখানেও ২–৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
সপ্তাহান্তে উত্তরবঙ্গেও শীতের অনুভূতি থাকবে তুলনামূলক কম।
বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড় ‘দিতোয়া’-র প্রভাব রাজ্যে না পড়লেও তার পরোক্ষ প্রভাবে রাতের ঠান্ডা কমে গিয়ে হাওয়া হবে উষ্ণতর।
কুয়াশা বাড়বে, তবে শীতের প্রকৃত আগমনী বার্তা মিলতে পারে ডিসেম্বরের শুরুতে।







