ব্যারাকপুরে ফের প্রকাশ্যে এল বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। শুক্রবার দুপুরে নীলগঞ্জের জাতীয় পাট গবেষণা ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক তথা আইনজীবী কৌস্তভ বাগচী। তাঁকে লক্ষ্য করে প্রকাশ্যে কটূক্তি করার পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নীলগঞ্জ কৃষি ও পাট গবেষণা কেন্দ্রে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর প্রায় ১টা নাগাদ নীলগঞ্জ-মোহনপুর এলাকার বিজেপি কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে গবেষণা কেন্দ্রের সামনে জড়ো হন। কৌস্তভ বাগচী সেখানে পৌঁছতেই শুরু হয় বিক্ষোভ ও স্লোগান। দীর্ঘক্ষণ চলে অবস্থান কর্মসূচি।
বিক্ষোভকারীদের দাবি, সম্প্রতি মনীশ শুক্লা খুনের ঘটনা প্রসঙ্গে নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিংকে নিয়ে কৌস্তভ বাগচীর প্রকাশ্য মন্তব্যের প্রতিবাদেই এই কর্মসূচি। ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ল ব্যারাকপুর বিজেপির অভ্যন্তরীণ ঐক্য।







