সোমবার নয়াদিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে যোগ দেবেন তিনি। উপস্থিত থাকবেন অন্যান্য মুখ্যমন্ত্রীরাও। ফের পৃথক বৈঠকে সামিল হতে পারেন মোদী-মমতা। তবে শীতকালীন অধিবেশনের পূর্বে সংসদে দলের অবস্থান নির্ধারণে সাংসদদের নিয়ে স্ট্র্যাটেজি বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নয়াদিল্লি সফর রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ এবার মমতার সঙ্গে কোনও বিরোধী দলের নেতাদের সাক্ষাৎ হয় কিনা, সেদিকেও নজর রাখা হচ্ছে। আসন্ন ৭ তারিখ সাংসদদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী বছরের সেপ্টেম্বরে ভারতে আয়োজিত হতে চলেছে জি-২০ সম্মেলন। উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের শীর্ষনেতারা। সম্মেলনের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে! সেই প্রস্তুতি সভাতেই দলের চেয়ারপার্সন হিসেবে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জি-২০ সম্মেলনের প্রস্তুতি সভায় থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।






